আইসিসির ওপর পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন
- আপডেট সময় : ১০:৪৩:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গোটা সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন। বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। শিগগিরই এটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। মূলত ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ দেশটির শীর্ষ নেতাদের বিরুদ্ধে আদালতটির জারি করা গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করানোর লক্ষ্যেই ওয়াশিংটন এই কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে। এর আগে আদালতটির বেশ কয়েকজন বিচারক ও কৌঁসুলির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন যে ছয় থেকে সাত মাসের একটি নির্দিষ্ট সময়সীমা পার হওয়ার পর আইসিসির সঙ্গে প্রায় সব ধরনের লেনদেন নিষিদ্ধ করা হবে। চলতি সপ্তাহের মধ্যেই জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হতে পারে বলে জানা গেছে।
এই পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা কার্যকর হলে আইসিসির কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। আদালতটির রেজিস্ট্রার ও প্রেসিডেন্টের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, এই নিষেধাজ্ঞার ফলে তথ্যপ্রযুক্তি সেবা ও বীমা কেনা, তদন্ত কর্মকর্তা নিয়োগ এবং কয়েক ডজন মার্কিন কর্মচারীর বেতন প্রদানসহ দৈনন্দিন আর্থিক লেনদেন বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হবে।


























