ইরানে বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা, তদন্ত করছে যুক্তরাষ্ট্র
- আপডেট সময় : ০৯:১৭:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

ইরানের দক্ষিণাঞ্চলে একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত চারজন নিহত হওয়ার অভিযোগ উঠেছে। নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে। ইরানের দাবি, মঙ্গলবার সিরিক শহরের একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলার সময় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ বা শার্পনেল সেখানে আঘাত হানে। এই ঘটনায় ৬৭ জন আহত হয়েছেন বলে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২২ বছর বয়সী আরও এক নারী মারা গেছেন বলে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম উল্লেখ করেছে।
স্থানীয়ভাবে নিহত চারজনের নাম জানানো হয়েছে—৫০ বছর বয়সী জারখাতুন তাহেরি, ৪৩ বছর বয়সী কোলসুম মাল্লাহী নজদনিয়া, ১৬ বছর বয়সী মোহাম্মদ মাল্লাহী এবং চার বছর বয়সী আমিরালি কারিমি।
বিবিসি ভেরিফাই ঘটনাটির কিছু ভিডিও ও ছবি পরীক্ষা করে দেখেছে। এতে কুহেস্তাক উপকূলের কাছে একটি টেলিযোগাযোগ টাওয়ার ধ্বংস হওয়ার চিত্র পাওয়া গেছে। আশপাশের কয়েকটি বাড়িতেও ব্যাপক ক্ষয়ক্ষতির দৃশ্য দেখা যায়। বিবিসি পার্সিয়ান ফরেনসিকস জানিয়েছে, বিয়ের অনুষ্ঠান হওয়া বাড়িটি ওই টাওয়ার থেকে প্রায় ১১২ মিটার দূরে ছিল।
ঘটনাটি তদন্ত করে দেখছে যুক্তরাষ্ট্র। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স বৃহস্পতিবার জানিয়েছেন, তিনি ঘটনাটির খবর নিয়ে অত্যন্ত সন্দিহান। তবে মার্কিন সামরিক বাহিনী বিষয়টি তদন্ত করছে বলেও তিনি নিশ্চিত করেছেন। ভ্যান্স বলেন, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম সংঘাতের বিভিন্ন ঘটনা সম্পর্কে অতীতে সবসময় নির্ভরযোগ্য তথ্য দেয়নি। অন্যদিকে, মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে যে তারা বেসামরিক মানুষকে কখনো লক্ষ্য করে হামলা চালায় না।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই ঘটনাটিকে ‘যুদ্ধাপরাধ’ বলে অভিযোগ করেছেন। এই ঘটনার পর ইরান কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে নতুন করে হামলা চালিয়েছে। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযান শুরুর পর থেকেই দুই পক্ষের সংঘাত অব্যাহত রয়েছে।




























