ইরাকে সৌদি-যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলা, পিএমএফের ৮ সদস্য নিহত
- আপডেট সময় : ১১:৪৩:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬ ১৯ বার পড়া হয়েছে

ইরাকে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের (পিএমএফ) বিভিন্ন সদর দপ্তরে যৌথ বিমান হামলা চালিয়েছে সৌদি আরব ও যুক্তরাষ্ট্র। বুধবার ভোরে চালানো এই হামলায় সশস্ত্র গোষ্ঠীটির অন্তত আটজন সদস্য নিহত এবং চারজন আহত হয়েছেন বলে দাবি করেছে পিএমএফ।
সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এই যৌথ হামলার বিষয়টি নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) সাথে সমন্বয় করে ইরাকে অবস্থানরত ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু লক্ষ্য করে এই অভিযান চালানো হয়। সম্প্রতি সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশ এবং রাজধানী রিয়াদের তেল স্থাপনা লক্ষ্য করে ইরাক থেকে ছোঁড়া একাধিক ড্রোন ভূপাতিত করার পর তার জবাবে এই হামলা চালানো হলো।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, তারা আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি করতে চায় না। তবে দেশের নিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। অন্যদিকে, এই বিমান হামলাকে 'চরম বিপজ্জনক পরিস্থিতি বৃদ্ধি' হিসেবে অভিহিত করেছে পিএমএফ। গোষ্ঠীটি এক বিবৃতিতে বলেছে, এই হামলা ইরাকের সার্বভৌমত্ব এবং দেশটির সরকারি নিরাপত্তা প্রতিষ্ঠানের ওপর সরাসরি আঘাত।
এই উত্তেজনার মধ্যেই আগামী বৃহস্পতিবার ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদির সৌদি আরব সফরে যাওয়ার কথা রয়েছে। এর মাত্র কয়েক দিন আগেই তিনি সৌদি আরবে হওয়া ড্রোন হামলার ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছিলেন। এছাড়া গত সোমবার ইরাকি সামরিক বাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছিল, কোনো ভ্রাতৃপ্রতিম বা বন্ধুত্বপূর্ণ দেশের বিরুদ্ধে হামলার উদ্দেশ্যে ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না।
তবে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর জোট 'ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক' সৌদি আরবের আনা ড্রোন হামলার অভিযোগ সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে। ড্রোন হামলায় তাদের কোনো সম্পৃক্ততা নেই দাবি করে তারা সৌদি আরবের অভিযোগকে 'মনগড়া' বলে উল্লেখ করেছে। একই সাথে তারা সতর্ক করেছে যে, সৌদি আরব কোনো ধরনের বেপরোয়া পদক্ষেপ নিলে তার কঠোর জবাব দেওয়া হবে।
বুধবার (২৯ জুলাই) ভোরে চালানো এ হামলার কথা এক বিবৃতিতে নিশ্চিত করে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় ।



























