১৭০ কোটির পথে ইমরান হাশমির ‘আওয়ারাপন ২’
- আপডেট সময় : ০১:৪৫:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ ৩ বার পড়া হয়েছে

বলিউড অভিনেতা ইমরান হাশমির ক্যারিয়ারে ‘আওয়ারাপন’ সিনেমাটি এক বিশেষ জায়গা দখল করে আছে। ২০০৭ সালে মুক্তি পাওয়া সেই ছবির আবেগঘন গল্প, গান এবং ইমরানের অভিনয় আজও দর্শকদের মনে গেঁথে আছে। প্রায় দুই দশক পর সেই ছবির সিক্যুয়েল ‘আওয়ারাপন ২’ নিয়ে বড় পর্দায় ফিরেছেন এই অভিনেতা। ১৪ আগস্ট মুক্তি পাওয়া নিতিন কাক্কর পরিচালিত এই ছবিটি বক্স অফিসে দারুণ গতি দেখাচ্ছে।
মুক্তির অষ্টম দিনে ভারতে সিনেমাটির নিট আয় হয়েছে ৫ কোটি ৫০ লাখ রুপি। সব মিলিয়ে ভারতে ছবিটির আট দিনের নিট আয় দাঁড়িয়েছে ১১৯ কোটি রুপি। এছাড়া ভারতের বাজারে ছবিটির গ্রস আয় এখন পর্যন্ত ১৪১ কোটি ৮৭ লাখ রুপি। শুধু দেশেই নয়, আন্তর্জাতিক বাজারেও ছবিটি দর্শক টানছে। অষ্টম দিনে বিদেশ থেকে এসেছে আরও এক কোটি রুপি, যা নিয়ে আন্তর্জাতিক বাজারে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ২৭ কোটি ৩০ লাখ রুপি। সব মিলিয়ে বিশ্বব্যাপী ‘আওয়ারাপন ২’–এর আয় এখন ১৬৯ কোটি ১৭ লাখ রুপি। অর্থাৎ ১৭০ কোটির মাইলফলক স্পর্শ করতে ছবিটির প্রয়োজন মাত্র ৮৩ লাখ রুপি।
মুক্তির প্রথম দিন থেকেই ছবিটির প্রতি দর্শকদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। প্রথম দিনে ভারতের বাজারে ছবিটি আয় করেছিল ২২ কোটি রুপি। এরপর দ্বিতীয় দিনে ৩৩ কোটি ৭৫ লাখ এবং তৃতীয় দিনে ২৬ কোটি রুপি আয় করে ছবিটি। সপ্তাহের কর্মদিবস শুরু হওয়ার পর আয় কিছুটা কমলেও তা সন্তোষজনক। চতুর্থ দিনে ৯ কোটি ২৫ লাখ, পঞ্চম দিনে ৯ কোটি ৭৫ লাখ, ষষ্ঠ দিনে ৬ কোটি ৭৫ লাখ এবং সপ্তম দিনে ৬ কোটি রুপি আয় করেছে ছবিটি। অষ্টম দিনে ভারতে ছবিটির দর্শক উপস্থিতির হার ছিল ১৫ দশমিক ১৯ শতাংশ এবং সেদিন ৯ হাজার ৮৫৮টি শোতে এটি প্রদর্শিত হয়েছে।
‘আওয়ারাপন ২’ মূলত ২০০৭ সালের ‘আওয়ারাপন’–এর সিক্যুয়েল। নতুন ছবিতেও শিবম পণ্ডিতের চরিত্রের অপরাধজগতের অন্ধকার, ভালোবাসা ও মুক্তির সংগ্রামের গল্পকে এগিয়ে নেওয়া হয়েছে। ছবিতে ইমরানের সঙ্গে আরও অভিনয় করেছেন দিশা পাটানি, পুরান গাব্বি, অনিরুদ্ধ রাওয়াল, শাবানা আজমি, সুবিন্দর ভিকি, বিজয়ন্ত কোহলি ও অতুল কুমার। ভিশেষ ফিল্মসের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন ভিশেষ ভাট ও মুকেশ ভাট। ইমরানের সাম্প্রতিক ক্যারিয়ারে এই সাফল্য বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পুরোনো ছবির সঙ্গে নতুন ছবির যোগসূত্র এবং ইমরানের প্রত্যাবর্তন দর্শকদের মাঝে যে নস্টালজিয়া তৈরি করেছে, তা বক্স অফিসে সফল হয়েছে। এখন দেখার বিষয় দ্বিতীয় সপ্তাহে ছবিটি কতটা শক্তিশালী অবস্থানে থাকে।





























