নেটফ্লিক্সে ২০২৬ সালের ইন্টার্নশিপ, আবেদনের সুযোগ বাংলাদেশি শিক্ষার্থীদেরও
- আপডেট সময় : ১১:৪৫:৫২ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ২০২৬ সালের ইন্টার্নশিপ কর্মসূচি চালু করেছে। এই কর্মসূচির আওতায় বাংলাদেশি শিক্ষার্থীরাও আবেদনের সুযোগ পাচ্ছেন। মূলত প্রযুক্তি, ব্যবসা, বিনোদন, কনটেন্ট, কৌশল, বিপণন ও প্রোগ্রাম ম্যানেজমেন্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এই ইন্টার্নশিপের সুযোগ থাকছে।
নেটফ্লিক্সের এই ইন্টার্নশিপগুলো সাধারণত ১২ সপ্তাহের একটি গ্রীষ্মকালীন কর্মসূচি। যুক্তরাষ্ট্র, ভারত, পোল্যান্ড ও জাপানে অবস্থিত তাদের বিভিন্ন দপ্তরে এই ইন্টার্নশিপগুলো পরিচালিত হবে। যদিও অধিকাংশ পদ ইঞ্জিনিয়ারিং এবং ডেটা ও ইনসাইটস বিভাগে রয়েছে, তবুও অন্যান্য বিভাগেও আবেদনের সুযোগ রয়েছে।
ইন্টার্নশিপের পুরো সময়জুড়ে শিক্ষার্থীরা নেটফ্লিক্সের বিভিন্ন দলের সঙ্গে সরাসরি কাজ করার সুযোগ পাবেন। তাঁদের বিভিন্ন বাস্তব প্রকল্পে যুক্ত করা হবে, যা শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি প্রতিষ্ঠানটির কাজের ধরন সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনে সহায়তা করবে। এছাড়া অভিজ্ঞ পেশাজীবীদের কাছ থেকে মেন্টরশিপ ও পরামর্শ পাওয়ার সুযোগ থাকবে। প্রযুক্তি ও বিনোদনশিল্প সম্পর্কে জ্ঞান বাড়াতে ইন্টার্নরা বিভিন্ন শিক্ষামূলক ও সামাজিক কার্যক্রমেও অংশ নিতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা এই ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন। তবে পদভেদে স্নাতক, স্নাতকোত্তর বা ডক্টরাল পর্যায়ের শিক্ষার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্ত আলাদা হতে পারে। নির্বাচিত ইন্টার্নদের সংশ্লিষ্ট দেশের কর্মস্থলে গিয়েই কাজ করতে হবে এবং সাধারণত পুরো ১২ সপ্তাহের কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য প্রার্থীদের প্রস্তুত থাকতে হবে।
এটি একটি বেতনসহ ইন্টার্নশিপ কর্মসূচি। ইন্টার্নরা প্রতিষ্ঠানের পূর্ণকালীন কর্মীদের মতো কাজের পরিবেশের অভিজ্ঞতা পাবেন এবং তাঁদের ব্যক্তিগত আগ্রহ ও দক্ষতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দল ও প্রকল্পে যুক্ত করা হবে। আগ্রহী শিক্ষার্থীদের নেটফ্লিক্সের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।




























