এসএসসি উত্তীর্ণ মেধাবীদের বৃত্তি দিচ্ছে ডাচ্-বাংলা ব্যাংক
- আপডেট সময় : ০১:৫১:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

ডাচ্-বাংলা ব্যাংক ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের উচ্চমাধ্যমিক পর্যায়ে পড়াশোনার জন্য শিক্ষাবৃত্তি প্রদানের ঘোষণা দিয়েছে। দীর্ঘ সময় ধরে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে উচ্চমাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিয়ে আসা ব্যাংকটি এবার এ বৃত্তির কার্যক্রম হাতে নিয়েছে।
বৃত্তির আবেদনের জন্য শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ থাকতে হবে (চতুর্থ বিষয় বাদে), তবে গ্রামীণ ও অনগ্রসর অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উত্তীর্ণদের ক্ষেত্রে ন্যূনতম জিপিএ ৪ দশমিক ৮৩ নির্ধারণ করা হয়েছে। এই বৃত্তির ক্ষেত্রে কিছু বিশেষ নীতিমালা রয়েছে। সরকারি বৃত্তি পাওয়া শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য যোগ্য বিবেচিত হবেন না। এছাড়া মোট বৃত্তির ৯০ শতাংশ গ্রামীণ ও অনগ্রসর এলাকার শিক্ষার্থীদের জন্য এবং ৫০ শতাংশ ছাত্রীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে।
নির্বাচিত শিক্ষার্থীরা এইচএসসি পর্যায়ে দুই বছর প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে বৃত্তি পাবেন। পাশাপাশি পাঠ্য উপকরণের জন্য বছরে ২ হাজার ৫০০ টাকা এবং পোশাক-পরিচ্ছদের জন্য বছরে ১ হাজার টাকা অনুদান দেওয়া হবে।
আগ্রহী শিক্ষার্থীদের আবেদনের জন্য ডাচ্-বাংলা ব্যাংকের নির্ধারিত ওয়েবসাইট app.dutchbanglabank.com/DBBLScholarship-এ প্রবেশ করতে হবে। আবেদনের সঙ্গে আবেদনকারী ও তার পিতা-মাতার পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং এসএসসি পরীক্ষার নম্বরপত্র ও প্রশংসাপত্রের স্ক্যান কপি সংযুক্ত করতে হবে। আবেদনের শেষ সময় ৪ সেপ্টেম্বর ২০২৬।
প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের তালিকা ২২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এরপর বাছাইকৃত শিক্ষার্থীদের 'Primary Selection Letter' ও প্রয়োজনীয় কাগজপত্রের প্রিন্ট কপিসহ ব্যাংকের যেকোনো শাখা বা মোবাইল ব্যাংকিং অফিসে উপস্থিত হয়ে যাচাই করতে হবে। এ প্রক্রিয়া ২৩ সেপ্টেম্বর থেকে ১৩ অক্টোবর ২০২৬ পর্যন্ত চলবে। চূড়ান্ত ফলাফল পরবর্তীতে ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে। সরাসরি, ডাকযোগে বা কুরিয়ারে কোনো আবেদন গ্রহণ করা হবে না।





























