তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রথম সচিব সভা মঙ্গলবার
- আপডেট সময় : ০১:১২:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

তারেক রহমানের নেতৃত্বে গঠিত বর্তমান বিএনপি সরকারের প্রথম সচিব সভা আগামী মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওই দিন বিকেল সাড়ে ৪টায় সচিবালয়ে এই গুরুত্বপূর্ণ সভাটি অনুষ্ঠিত হবে।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, এই সভায় সভাপতিত্ব করবেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। গত ১৭ ফেব্রুয়ারি নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর এই প্রথম সব মন্ত্রণালয়ের সচিবদের নিয়ে এমন সমন্বয় সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিএনপি। এরপর ১৭ ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠিত হয়। দায়িত্ব গ্রহণের ২১০ দিন বা প্রায় সাত মাসের মাথায় প্রথমবারের মতো এই সচিব সভার আয়োজন করা হলো।
এবারের সভায় সরকারের চলমান কার্যক্রমকে আরও গতিশীল, কার্যকর ও জনকল্যাণমুখী করার বিষয়ে গুরুত্ব দেওয়া হবে। এর পাশাপাশি ‘জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র’ নিয়ে আলোচনা করা হবে বলে জানা গেছে।
সচিব সভা সরকারের প্রশাসনিক কার্যক্রমের অন্যতম প্রধান সমন্বয় ফোরাম। এই সভায় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা সরকারের নীতিগত সিদ্ধান্ত, উন্নয়নমূলক কর্মকাণ্ড, প্রশাসনিক অগ্রাধিকার এবং বিভিন্ন দপ্তরের মধ্যে পারস্পরিক সমন্বয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন।




























