পল্লবীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত গেঞ্জি বিক্রেতার মৃত্যু, গ্রেপ্তার ২
- আপডেট সময় : ১২:১৯:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

রাজধানীর পল্লবীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত পোশাক বিক্রেতা সজীব হোসাইন (২২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সোমবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ ইতিমধ্যে জুয়েল ও জয় নামের দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে।
পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদ আহমেদ স্বাধীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত সজীব পেশায় একজন গেঞ্জি বিক্রেতা ছিলেন।
নিহতের মামাতো বোন শারমিন জানান, গত বুধবার ভোর সাড়ে চারটার দিকে পল্লবীর কাইল্লার বস্তি এলাকায় একদল ছিনতাইকারী সজীবের ওপর হামলা চালায়। তারা সজীবের বুক ও পিঠে ছুরিকাঘাত করে তার মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়। ঘটনার পর স্বজনরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাসায় ফিরিয়ে আনা হয়।
পরবর্তীতে সজীবের শারীরিক অবস্থার অবনতি হলে গত ১০ সেপ্টেম্বর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জুয়েল ও জয় নামের দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।




























