সাভারে পুলিশের এসবি সদস্যকে পিটিয়ে হত্যা, আহত ছেলে
- আপডেট সময় : ০৬:৪৭:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

ঢাকার সাভারের আমিনবাজারে পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চের (এসবি) এক সদস্যকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আলতাফ হোসেন (৫৮) ঢাকার মালিবাগ জোনে উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। শনিবার (৫ সেপ্টেম্বর) রাত আটটার দিকে আমিনবাজারের বড়দেশি এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
স্থানীয় বাসিন্দাদের বরাতে পুলিশ জানায়, রাতে আমিনবাজার ইউনিয়নের বড়দেশী এলাকায় সড়কে অবস্থান করছিলেন এসআই আলতাফ হোসেন। এ সময় অজ্ঞাত এক ব্যক্তির সঙ্গে তার কথা কাটাকাটি ও তর্ক হয়। তর্কের এক পর্যায়ে ওই অজ্ঞাত ব্যক্তি ঘটনাস্থল থেকে চলে গিয়ে আরও ১০-১২ জনকে সঙ্গে নিয়ে ফিরে আসে এবং আলতাফ হোসেনের ওপর অতর্কিত হামলা চালায়।
হামলার সময় আলতাফ হোসেনের সঙ্গে থাকা তার ছোট ছেলে আরিফুল ইসলাম (২৬) গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় এসআই আলতাফ হোসেনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আলতাফ হোসেন সিরাজগঞ্জের এনায়েতপুর থানার সাধুপাড়া গ্রামের প্রয়াত জুরাইন আলী শেখের ছেলে। তিনি সপরিবারে আমিনবাজারের বড়দেশি মদিনা সিটি এলাকায় বসবাস করতেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, আমিনবাজার এলাকায় পুলিশের এক এসবি সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বর্তমানে পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে এবং তদন্ত সাপেক্ষে বিস্তারিত পরে জানানো হবে।





























