কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান
- আপডেট সময় : ০৪:১৫:০৩ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

কুষ্টিয়ায় ডেঙ্গুর প্রকোপ রোধ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সকালে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ তৌহিদ বিন হাসান।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, ডেঙ্গু প্রতিরোধে কেবল প্রশাসনিক উদ্যোগ নিলেই হবে না, এর জন্য সাধারণ মানুষের সচেতনতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অত্যন্ত জরুরি। প্রত্যেকে যদি নিজ নিজ বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখেন, তবে ডেঙ্গু মশার প্রজনন ক্ষেত্র সহজেই ধ্বংস করা সম্ভব।
প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির অংশ হিসেবে এই অভিযানের আয়োজন করা হয়। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত এই কর্মসূচিতে কুষ্টিয়া পৌরসভা, উপজেলা প্রশাসন, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এবং স্থানীয় বাসিন্দারা অংশ নেন। অভিযান চলাকালে পৌর এলাকার বাজার, ড্রেন, রেলস্টেশন, জনাকীর্ণ এলাকা এবং আবাসিক ভবনের চারপাশ ও ছাদে জমে থাকা পানি নিষ্কাশন ও পরিষ্কার করা হয়। একই সাথে মশার লার্ভা ধ্বংসে ওষুধ ছিটানো এবং সম্ভাব্য প্রজননস্থলগুলো ধ্বংস করা হয়।
পরিচ্ছন্নতা অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ভূমি অধিগ্রহণ ও রেভিনিউ মুন্সিখানা শাখা) রেশমা খাতুন, নির্বাহী প্রকৌশলী সোহেল রানা, সহকারী প্রকৌশলী (পূর্ত) এস.এম. রুহুল আমিন, সহকারী প্রকৌশলী (পানি) সাবিনা ইসলাম, শহর পরিকল্পনাবিদ রানভীর আহমেদ এবং কনজারভেন্সী ইন্সপেক্টর মো. সাজ্জাদ আহম্মেদ।
পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় স্বেচ্ছাসেবকরাও এই কর্মসূচিতে অংশ নেন। জনস্বার্থে এই ধরনের পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান নিয়মিতভাবে অব্যাহত রাখা হবে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।





























