চরফ্যাশনে ৩ কিমি সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
- আপডেট সময় : ০৪:০৭:২৬ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

ভোলার চরফ্যাশন উপজেলার চরমানিকা ইউনিয়নে একটি গুরুত্বপূর্ণ সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। শনিবার সকালে দক্ষিণ আইচা থানার অন্তর্গত চরমানিকা ইউনিয়নের ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের চরফারুকী সড়কে এই কর্মসূচি পালিত হয়। ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে সড়কটি দ্রুত মেরামতের দাবি জানান।
মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা জানান, ইউনিয়ন পরিষদের কার্যালয়ের সামনে থেকে দক্ষিণ দিকে বেড়িবাঁধ হয়ে চরফারুকী পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। প্রায় ১০ বছর আগে সড়কটিতে সর্বশেষ সংস্কারকাজ হয়েছিল। এরপর আর কোনো মেরামত না হওয়ায় বর্তমানে সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও ভাঙনের সৃষ্টি হয়েছে। ফলে প্রতিদিন যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয়দের।
এলাকাবাসীর অভিযোগ, সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় স্কুল-কলেজের শিক্ষার্থী, জরুরি রোগী ও কৃষকদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে বর্ষাকালে এই ভোগান্তির মাত্রা বহুগুণ বেড়ে যায়। দীর্ঘদিন ধরে এই জনদুর্ভোগ চললেও তা নিরসনে এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন তারা।
কর্মসূচিতে বক্তব্য দেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি মো. রিয়াজ, নুরুল ইসলাম, মো. খায়ের ও মাওলানা আজাদসহ অনেকে। তারা বলেন, অবহেলার কারণে সড়কটি এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। জনদুর্ভোগ কমাতে দ্রুত সড়কটি সংস্কার করা জরুরি। তারা অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে চরমানিকা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিনারা বেগম জানান, বর্তমানে ওই সড়কটি সংস্কারের জন্য কোনো বাজেট বরাদ্দ নেই। তবে বিষয়টি তাদের বিবেচনায় রয়েছে। ভবিষ্যতে প্রয়োজনীয় সরকারি বরাদ্দ পাওয়া গেলে সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।





























