সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের আসামির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
- আপডেট সময় : ০৩:২৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ স্টুডিও’ ভাঙচুর মামলার অন্যতম আসামি মাওলানা শাহরিয়ার মাহমুদের বিরুদ্ধে এবার ওয়াকফ সম্পত্তি ও সাধারণ মানুষের জমি দখলের অভিযোগ উঠেছে। বর্তমানে কারাগারে থাকা এই মাওলানার বিরুদ্ধে নোয়াখালী সদর উপজেলার দক্ষিণ সালেহপুরের একটি মাদ্রাসা ও মসজিদ প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করে স্থানীয় বাসিন্দা ও মুসল্লিরা এসব অভিযোগ তোলেন। শনিবার (৩ অক্টোবর) সকালে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এবং একই সঙ্গে স্থানীয়রা জমি দখলের প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, দক্ষিণ সালেহপুর গ্রামের তিনটি ধর্মীয় প্রতিষ্ঠানের কোটি কোটি টাকার ওয়াকফ সম্পত্তি শাহরিয়ার মাহমুদ বেআইনিভাবে নিজের দখলে রেখে দিয়েছেন। এই প্রতিষ্ঠানগুলো হলো— দক্ষিণ সালেহপুর জামে মসজিদ ওয়াকফ এস্টেট (ইসি নং-২২৫০৩), দারুল উলুম হামিদিয়া মাদ্রাসা ওয়াকফ এস্টেট (ইসি নং-২২৭৫১) এবং দক্ষিণ সালেহপুর হামিদুলিয়া ফোরকানিয়া মাদ্রাসা ওয়াকফ এস্টেট (ইসি নং-২২৪২৯)।
বক্তারা অভিযোগ করে বলেন, আদালতের স্থগিতাদেশ ও ওয়াকফ প্রশাসনের নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শাহরিয়ার মাহমুদ এসব সম্পত্তিতে ঘরবাড়ি, টয়লেটসহ বিভিন্ন ধরনের স্থাপনা নির্মাণ করেছেন। এছাড়া সরকারি নির্দেশনা অমান্য করে এবং একটি অকার্যকর কমিটিকে ঢাল হিসেবে ব্যবহার করে ভুয়া রশিদ বইয়ের মাধ্যমে তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে অর্থ উত্তোলন করে আসছেন।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, সরকারি একটি তদন্ত দল সরেজমিনে তদন্ত করে এসব অভিযোগের সত্যতা পেয়েছে। তবে তদন্তে সত্যতা মেলার পরও তার বিরুদ্ধে এখন পর্যন্ত কার্যকর কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন স্থানীয়রা। সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ স্টুডিও’ ভাঙচুর ও হামলার ঘটনায় শাহরিয়ার মাহমুদ গ্রেপ্তার হয়ে কারাগারে যাওয়ার পর স্থানীয় ভুক্তভোগীরা এখন প্রকাশ্যে মুখ খুলতে শুরু করেছেন।
ভুক্তভোগীদের দাবি, শাহরিয়ার মাহমুদ কারাগারে থাকা অবস্থাতেই তার বিরুদ্ধে ওঠা জমি দখলের অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত করে ওয়াকফ সম্পত্তি উদ্ধার করতে হবে। একই সঙ্গে সাধারণ মানুষের সম্পত্তি দখলের অভিযোগেরও সঠিক তদন্ত করে আইন অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান তারা। এই প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলনে দক্ষিণ সালেহপুর গ্রামের স্থানীয় বাসিন্দা আবুল খায়ের, শাহাদাত হোসেন শিপন, মো. মানিক, মো. রুহুল আমিন, রায়হান খান নান্টুসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং মসজিদের মুসল্লিরা উপস্থিত ছিলেন।




























