পাবনার চাটমোহরে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
- আপডেট সময় : ১০:৩৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

পাবনার চাটমোহরে পুকুরের পানিতে ডুবে একসঙ্গে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের আটলংকা দক্ষিণ সেনগ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো ওই গ্রামের মজিবর রহমানের ছেলে হুজাইফা রহমান (৭) এবং রুবেল হোসেনের ছেলে মাহফুজ (৬)।
স্বজনদের দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার দুপুর ৩টার দিকে আটলংকা দক্ষিণ সেনগ্রামে জনু মেম্বর নামের এক ব্যক্তির পুকুরে প্রতিবেশী ও সমবয়সী হুজাইফা ও মাহফুজ গোসল করতে নামে। সাঁতার না জানায় গোসলের একপর্যায়ে দু’জনই পানিতে তলিয়ে যায়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও শিশুরা বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি শুরু করেন।
নিখোঁজের প্রায় দুই ঘণ্টা পর বিকেল ৫টার দিকে পুকুরের পানিতে শিশু দুটির মরদেহ ভেসে ওঠে। স্বজনরা দ্রুত তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান জানান, একসঙ্গে দুই শিশুর পানিতে ডুবে মৃত্যুর ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।




























