সিলেটে আন্তঃজেলা ডাকাত ও ছিনতাইকারী গ্রেফতার
- আপডেট সময় : ০৯:৪০:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

সিলেট নগরে পৃথক দুটি অভিযান চালিয়ে একজন আন্তঃজেলা ডাকাত ও সুইচ গিয়ার চাকুসহ এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার নগরীর সদর কোর্ট ও কাষ্টঘর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে সদর কোর্ট এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত সদস্য মো. জামাল হোসেন সবুজকে গ্রেফতার করা হয়। তার বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার হাজীপুর এলাকায় এবং তার বাবার নাম মো. নুরুজ্জামান। গ্রেফতারকৃত সবুজের বিরুদ্ধে দুটি অস্ত্র মামলা, দুটি ডাকাতি মামলা, একটি ডাকাতির প্রস্তুতিমূলক মামলা এবং দুটি মাদক মামলাসহ মোট ৭টি মামলা রয়েছে। এর মধ্যে দুটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।
এদিকে, একই দিন বিকেল ৫টার দিকে কাষ্টঘর এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত ছিনতাইকারী তাজুল ইসলাম রাসেলকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়। রাসেল সুনামগঞ্জ সদর উপজেলার মাইজবাড়ী এলাকার আব্দুল কাইয়ুমের ছেলে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) এসএমপির মিডিয়া অফিসার ও অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনগত প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।





























