রাউজানে ট্রাকে পিষ্ট হয়ে সাবেক ইউপি সদস্য নিহত
- আপডেট সময় : ০৫:৩৯:২৯ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাউজানে মহাসড়ক পার হওয়ার সময় ইটবোঝাই একটি ট্রাকের নিচে পিষ্ট হয়ে সাবেক এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম নুরুল ইসলাম টিটু (৪৮)। তিনি রাউজান উপজেলার ৬ নম্বর বিনাজুরী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের লেগেনগারা গ্রামের অছি মিয়া সারাং বাড়ির মৃত আমদু মিয়া সারাংয়ের ছেলে।
রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কের রাউজান বাস স্টেশন সংলগ্ন আমানিয়া হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত টিটু বিবাহিত জীবনে তিন ছেলের জনক ছিলেন। পেশায় একজন ইলেকট্রিশিয়ান হওয়ার পাশাপাশি তিনি একটি বীমা কোম্পানিতে কর্মরত ছিলেন। এ ছাড়া তিনি মাইজভান্ডারি Shah এমদাদিয়া বিনাজুরী লেলাংগারা শাখার সহ-সভাপতির দায়িত্বে ছিলেন।
স্থানীয় বাসিন্দা ও নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে ব্যক্তিগত প্রয়োজনে নিজ বাড়ি থেকে জলিলনগরের উদ্দেশ্যে রওনা হন নুরুল ইসলাম টিটু। দুপুর ১২টার দিকে তিনি আমানিয়া হোটেলের সামনে চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়ক পায়ে হেঁটে পার হচ্ছিলেন। এ সময় হাটহাজারীগামী একটি ইটবোঝাই ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি ট্রাকের চাকার নিচে পিষ্ট হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এই দুর্ঘটনার পর রাউজান জলিলনগর এলাকায় স্থানীয় লোকজনের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ জনতা ঘাতক ট্রাকটিকে আটকে রেখে পুলিশে খবর দেয়। পরে রাউজান হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি নিজেদের হেফাজতে নেয়।
দুর্ঘটনার পর নুরুল ইসলাম টিটুর মরদেহ তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হলে স্বজনদের কান্নায় এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। নিহতের স্বজন সেজাউল করিম সজল জানান, টিটু অত্যন্ত সৎ প্রকৃতির মানুষ ছিলেন এবং সবসময় এলাকার মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়াতেন। স্থানীয় বাসিন্দা মির্জা হেলাল বলেন, এলাকার সব স্তরের মানুষের সঙ্গে টিটুর চমৎকার সম্পর্ক ছিল। সামাজিক কাজে তিনি সবসময় অগ্রণী ভূমিকা রাখতেন। তার এমন আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
রাউজান হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) মোহাম্মদ আশরাফ উদ্দিন জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।





























