সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝালমুড়ি বিক্রেতার মৃত্যু
- আপডেট সময় : ০১:১০:৪০ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইউনুস হোসেন (৫০) নামে এক ঝালমুড়ি বিক্রেতার মৃত্যু হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে সাতক্ষীরা কামালনগর গোরস্তান সংলগ্ন নিজ বাড়িতে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত ইউনুস হোসেন দীর্ঘদিন ধরে শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে ঝালমুড়ি বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ভোরে ঘুম থেকে উঠে তিনি ঝালমুড়ি বিক্রির প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় ঘরের পাশে থাকা তার ভ্যানগাড়িটি গোছানোর জন্য স্পর্শ করতেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। অনুসন্ধানে জানা গেছে, ঘরের টিনের চালের সাথে আগে থেকেই বিদ্যুতের তার সংযুক্ত ছিল, যার ফলে পুরো ভ্যানগাড়িটি বিদ্যুতায়িত হয়ে পড়েছিল। ভ্যানগাড়িটি স্পর্শ করার সাথে সাথেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হোসেন এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।





























