রূপগঞ্জে ট্রাকচাপায় বালু শ্রমিক নিহত, চালক আটক
- আপডেট সময় : ০৩:৪৮:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার রূপসী বালুরঘাট এলাকায় শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় মনির হোসেন (৬৫) নামের এক বালু শ্রমিক প্রাণ হারিয়েছেন। ভুষিবোঝাই একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত মনির হোসেন আড়াইহাজার উপজেলার পুরিন্দা গ্রামের জরু মিয়ার ছেলে। তিনি রূপসী বালুরঘাটে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, কর্মস্থলে কাজ করার সময় ঢাকা মেট্রো-ঢ-১৩-৫৫৩৪ নম্বরের ট্রাকটি তাকে চাপা দেয়।
ঘটনার পরপরই রূপগঞ্জ থানা পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে। পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করেছে এবং এর চালক ইয়াকুবকে আটক করেছে। আটককৃত চালক ইয়াকুব সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের বস্তল গ্রামের নজরুল ইসলামের ছেলে। রূপগঞ্জ থানার এসআই পার্থ জানিয়েছেন, এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।



























