ঝালকাঠির কাঁঠালিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু
- আপডেট সময় : ০৭:৫৮:২৫ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের দক্ষিণ চেঁচরী গ্রামে বজ্রপাতে মো. দেলোয়ার হোসেন খান (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার দিকে কৃষি জমিতে কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে। নিহত দেলোয়ার হোসেন ওই এলাকার মো. হারুন খানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। সেই বৃষ্টির মধ্যেই দেলোয়ার হোসেন নিজের জমিতে ধানের চারা রোপণ করছিলেন। বেলা পৌনে ১২টার দিকে হঠাৎ তীব্র বজ্রপাত হলে তিনি সরাসরি আঘাতপ্রাপ্ত হন এবং ঘটনাস্থলেই জমিতে লুটিয়ে পড়েন। পরে বৃষ্টি থামলে আশেপাশের খেতের অন্য কৃষকরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন, কিন্তু পথেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের রায়হান জানান, খবর পাওয়ার পরপরই সেখানে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া ও সুরতহাল প্রতিবেদন তৈরির পর কৃষকের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।




























