মাদারীপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: বিরোধীদের কড়া সমালোচনা খোকনের
- আপডেট সময় : ০৫:৩৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদারীপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে মাদারীপুর জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়।
পতাকা উত্তোলনের পর নেতাকর্মীরা শহরের শকুনি লেকপাড়ের মুক্তমঞ্চে সমবেত হন। সেখানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে মাদারীপুর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হয়। মাদারীপুর জেলা বিএনপি ও সদর উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এসব কর্মসূচিতে জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, তারেক রহমান বাংলাদেশের মানুষের কল্যাণ ও দেশের উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। তার নেতৃত্বে রাষ্ট্র পুনর্গঠন ও উন্নয়নের যে কার্যক্রম এগিয়ে যাচ্ছে, তা বাধাগ্রস্ত করার কোনো অপচেষ্টাই সফল হবে না বলে তিনি মন্তব্য করেন।
বিরোধী রাজনৈতিক দলগুলোর সমালোচনা করে সংসদ সদস্য বলেন, তারেক রহমানের কর্মকাণ্ডে ঈর্ষান্বিত হয়ে একটি দল নির্বাচনে পরাজিত হয়ে রাজপথে পাগলের প্রলাপ বকছে। তিনি আরও বলেন, মিথ্যা অপবাদ ও অপপ্রচার চালিয়ে তারেক রহমানকে ছোট করা যাবে না। তিনি দাবি করেন, তারেক রহমান বাংলাদেশের মানুষের ভোটে নির্বাচিত এবং দেশের মানুষের ভালোবাসায় প্রধানমন্ত্রী হয়েছেন। জনগণের ভালোবাসা ও ভোটের ম্যান্ডেট নিয়ে তিনি দেশের দায়িত্ব পালন করছেন। যারা তাকে নিয়ে অপপ্রচার চালাচ্ছেন, জনগণ তাদের রাজনৈতিক কর্মকাণ্ডও পর্যবেক্ষণ করছে।
পরিশেষে বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ভালো কাজের সঙ্গে থাকুন, তারেক রহমানের উন্নয়নের সঙ্গে থাকুন। দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে সহযোগিতা করুন। তাহলেই বাংলাদেশের উন্নতি হবে এবং ভবিষ্যতে মানুষের কাছে যেতে পারবেন।



























