নারায়ণগঞ্জে খেলনা বন্দুক নিয়ে ভিডিও তৈরি: দুই তরুণ গ্রেপ্তার
- আপডেট সময় : ০৬:১৪:৫০ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ ৯ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সিটি পার্কে প্লাস্টিকের খেলনা বন্দুক হাতে মহড়া দিয়ে ভিডিও তৈরি এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার (২৮ আগস্ট) রাত ১০টার দিকে নারায়ণগঞ্জ নগরীর ২ নম্বর রেলগেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—বন্দর উপজেলার বন্দর বাজার এলাকার লিমন তোহা (২২) এবং একই উপজেলার বন্দর ফায়ার সার্ভিসের গলির বাসিন্দা ইয়াছিন মোল্লা (২৩)। এই ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন বাদী হয়ে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেছেন।
পুলিশ জানায়, গত ২৮ আগস্ট নারায়ণগঞ্জের সিটি পার্কের বিভিন্ন এলাকায় দুই তরুণকে প্লাস্টিকের খেলনা অস্ত্র হাতে মহড়া দিতে দেখা যায় এবং সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নজরে আসার পর জেলা পুলিশের আইসিটি শাখার উপপরিদর্শক (এসআই) আফজাল শাহীন এবং তার দল ভিডিওটি বিশ্লেষণ করে ওই দুই তরুণকে শনাক্ত করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে এবং তাদের কাছ থেকে শটগান ও এসএমজির আদলে তৈরি দুটি প্লাস্টিকের খেলনা অস্ত্র উদ্ধার করে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অস্ত্রগুলো প্লাস্টিকের খেলনা হলেও, তা প্রকাশ্যে প্রদর্শন করে পথচারী ও শিশুদের মনে ভয় দেখানো হয়েছে। এছাড়া সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে, যা আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য একটি বড় হুমকি।


























