টেকনাফের নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ
- আপডেট সময় : ০৬:৫২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে বিশেষ অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। উদ্ধার করা এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৫০ লাখ টাকা বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে এই অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১১টার দিকে টেকনাফের শাহপরী দ্বীপের নাজিরপাড়া-সংলগ্ন নাফ নদীতে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরীর একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। অভিযানের সময় একটি ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দিলে পাচারকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বোটটি ফেলে পালিয়ে যায়।
পরবর্তীতে ওই এলাকায় তল্লাশি চালিয়ে নদীতে ভাসমান অবস্থায় একটি বস্তা পাওয়া যায়। বস্তাটি উদ্ধার করে ভেতরে ৫০ হাজার পিস ইয়াবা শনাক্ত করা হয়। লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দ করা ইয়াবার বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




























