২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, ভর্তি ২০৮৮ রোগী
- আপডেট সময় : ০৪:৪৯:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ১২ বার পড়া হয়েছে

দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ২ হাজার ৮৮ জন রোগী। রোববার (১৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এই হিসাব শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ের।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৩৪৮ জনের মৃত্যু হয়েছে। চলতি অক্টোবর মাসের প্রথম ১৭ দিনেই মারা গেছেন ৯৭ জন। এর আগে মাসভিত্তিক পরিসংখ্যানে সেপ্টেম্বরে সর্বোচ্চ ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে ১ জন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুই জন করে ডেঙ্গু রোগীর প্রাণহানির রেকর্ড রয়েছে।
চলতি বছরে এখন পর্যন্ত সারাদেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১২ হাজার ৪০০ জনে। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৮২৭ জন রোগী। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট ১ লাখ ৬ হাজার ২৬ জন ডেঙ্গুরোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, যেখানে নতুন আক্রান্তের সংখ্যা ৫৯৫ জন। এছাড়া খুলনা বিভাগে ২৯০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৩২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৩১ জন, রাজশাহী বিভাগে ২০০ জন, বরিশাল বিভাগে ১৯৯ জন, চট্টগ্রাম বিভাগে ১৬৩ জন, ময়মনসিংহ বিভাগে ৯৩ জন এবং রংপুর বিভাগে ৭২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিশেষজ্ঞরা ডেঙ্গুর বিস্তার রোধে এবং প্রাণহানি কমাতে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করার তাগিদ দিচ্ছেন। একই সঙ্গে শরীরে জ্বর অনুভূত হওয়ার সাথে সাথেই অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপর জোর দেওয়া হচ্ছে।




























