সিরাজগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় মাঠে থাকছেন ৩৬৩০ আনসার-ভিডিপি সদস্য
- আপডেট সময় : ০২:০৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করার লক্ষ্যে সিরাজগঞ্জ জেলাজুড়ে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলার মোট ৫৫৮টি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ৩ হাজার ৬৩০ জন আনসার ও ভিডিপি সদস্যকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় আনসার ব্যাটালিয়নের দুটি স্ট্রাইকিং ফোর্স মাঠে সক্রিয় রয়েছে।
পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সিরাজগঞ্জ পৌর শহরের সদর উপজেলা পরিষদ চত্বরে একটি বিশেষ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। জেলা কমান্ড্যান্টের কার্যালয় ও আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে অনুষ্ঠিত এই প্যারেডে সভাপতিত্ব করেন জেলা কমান্ড্যান্ট আলী রেজা রাব্বী, বিভিএমএস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুন খান।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. মামুন খান শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে আনসার ও ভিডিপি সদস্যদের সর্বোচ্চ সতর্কতা, দায়িত্বশীলতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। তিনি পূজামণ্ডপে আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সর্বদা প্রস্তুত থাকার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানসহ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার ৫৫৮টি মণ্ডপে আনসার ও ভিডিপি সদস্যদের মোতায়েনের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সমন্বিত কার্যক্রম অব্যাহত রয়েছে। কর্তৃপক্ষের প্রত্যাশা, সবার সম্মিলিত প্রচেষ্টা, সতর্কতা ও পারস্পরিক সহযোগিতায় সিরাজগঞ্জে শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হবে।





























