সিরাজগঞ্জে ৪০০ গ্যাস সিলিন্ডার লুটের ঘটনায় গ্রেফতার ৩
- আপডেট সময় : ০২:১০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের রায়গঞ্জে ৪০০টি গ্যাস সিলিন্ডার লুটের ঘটনায় ডাকাত দলের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) গভীর রাতে শাহাজাহানপুর ও বগুড়া সদর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় লুট হওয়া ৪০০টি সিলিন্ডারের মধ্যে ৪৮টি উদ্ধার এবং অপরাধে ব্যবহৃত একটি মিনি ট্রাক জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম খান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, লুন্ঠিত মালামাল উদ্ধারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন বগুড়া জেলার শাহাজাহানপুর উপজেলার ট্রাকচালক মহিদুল ইসলাম (২৬), তার সহকারী সাকিব হোসেন (২০) এবং বগুড়া সদর উপজেলার গোলাম মোস্তফা (৪৬)।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৭ অক্টোবর রাত ৩টার দিকে উপজেলার চকনুর গ্রাম এলাকার তালুকদার ফিলিং স্টেশন থেকে ৪০০টি বিভিন্ন কোম্পানির গ্যাস সিলিন্ডার নিয়ে একটি ট্রাক ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। ট্রাকটি রৌহা ব্রিজ এলাকায় পৌঁছালে ১৫-১৬ জনের একটি দল পথরোধ করে। ধারালো ছুরি দিয়ে হত্যার হুমকি দিয়ে চালক আসিফসহ গাড়িতে থাকা অন্যদের জিম্মি করে অজ্ঞাত দুজন ট্রাকটির নিয়ন্ত্রণ নেয়।
পরদিন ভোর ৪টার দিকে ষোলমাইল ফায়ার সার্ভিস এলাকার কবরস্থানের পাশে ট্রাকটি থামিয়ে ডাকাতরা ৪০০ সিলিন্ডার লুট করে নেয়। একই সঙ্গে চালক ও সহকারীর কাছে থাকা তিনটি মোবাইল ফোন এবং নগদ ৮৬ হাজার টাকা ছিনিয়ে নিয়ে তারা পালিয়ে যায়। এ ঘটনায় নারায়নগঞ্জ সদর উপজেলার ডিক্রির চর এলাকার মৃত মোহাম্মদ পান্না উল্লাহর ছেলে মোহাম্মদ শফিউল্লাহ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।




























