অ্যাটলেটিকোর কাছে হেরে চ্যাম্পিয়নস লিগে ধুঁকছে ম্যানচেস্টার ইউনাইটেড
- আপডেট সময় : ০৩:১৪:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

উয়েফা চ্যাম্পিয়নস লিগের লড়াইয়ে রিয়াদ এয়ার মেট্রোপলিটানোতে চরম বিপর্যয়ের মুখে পড়লো ম্যানচেস্টার ইউনাইটেড। স্বাগতিক অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ২-০ গোলে পরাজিত হয়েছে মাইকেল ক্যারিকের শিষ্যরা। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত রক্ষণভাগের ভুল ও ফিনিশিংয়ের ব্যর্থতায় রেড ডেভিলদের জন্য এটি ছিল এক হতাশার রাত।
খেলার বয়স তখন মাত্র ৫৩ সেকেন্ড। ম্যাচের প্রথম মিনিটেই পাবলো বারিওসের শটে গোল হজম করে পিছিয়ে পড়ে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথমার্ধে ব্রায়ান এমবুমো ও মার্কাস রাশফোর্ড কিছু আক্রমণের চেষ্টা করলেও তা সফল হয়নি। তবে প্রথমার্ধের শেষ মিনিটে কার্ডোসোর একটি গোল ভিএআর-এর কল্যাণে বাতিল হওয়ায় বড় বিপর্যয় থেকে সে যাত্রায় বেঁচে যায় ইউনাইটেড।
দ্বিতীয়ার্ধে খেলায় ফেরার লক্ষ্যে মরিয়া হয়ে ওঠে ইংলিশ জায়ান্টরা। ব্রুনো ফার্নান্দেজ ও বালেবারা গোল করার মতো বেশ কিছু সুযোগ তৈরি করলেও ফিনিশিংয়ের অভাবে তা থেকে গোল বের করতে পারেননি। ম্যাচের ৭৩ মিনিটে প্রতিপক্ষ খেলোয়াড়কে ফাউল করার দায়ে ভিএআর পর্যবেক্ষণ করে রেফারি ইউনাইটেড ডিফেন্ডার লেনি ইয়োরোকে সরাসরি লাল কার্ড দেখান। এটি তার পেশাদার ক্যারিয়ারের প্রথম লাল কার্ড।
দশজনের দলে পরিণত হওয়ার পর ম্যানচেস্টার ইউনাইটেডের ঘুরে দাঁড়ানোর সব আশা প্রায় শেষ হয়ে যায়। এরপর ম্যাচের ৭৯ মিনিটে বদলি হিসেবে মাঠে নামা আদেমোলা লুকম্যান গোল করে ব্যবধান ২-০ করেন। শেষ পর্যন্ত কোনো গোল শোধ করতে না পারায় হার নিয়েই মাঠ ছাড়তে হয় ইউনাইটেডকে। এই হারের মাধ্যমে অ্যাটলেটিকোর বিপক্ষে শেষ ৫ ম্যাচে জয়হীন থাকার ধারা বজায় থাকলো ইংলিশ জায়ান্টদের, যেখানে তাদের সংগ্রহ ৩ হার ও ২ ড্র।





























