এলপিজি সিলিন্ডারের দাম নিয়ন্ত্রণে ডিসিদের কঠোর নির্দেশনা দিল সরকার
- আপডেট সময় : ০৪:৪৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কর্তৃক নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত মূল্যে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধে জেলা প্রশাসকদের (ডিসি) কঠোর নির্দেশনা দিয়েছে সরকার। মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান এ তথ্য জানান।
জ্বালানি বিভাগ ইতোমধ্যে সব জেলা প্রশাসকের সঙ্গে অনলাইনে একটি মতবিনিময় সভা করেছে। সভায় এলপিজির সরবরাহ ও বিতরণ পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি বাজার তদারকি এবং সরবরাহব্যবস্থা পর্যবেক্ষণে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, প্রত্যেক জেলা প্রশাসককে তাঁর জেলার সব এলপিজি ডিস্ট্রিবিউটর ও ডিলারের একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরি করতে হবে। এই প্রক্রিয়ায় ফ্র্যাঞ্চাইজি, মাস্টার ফ্র্যাঞ্চাইজি, ডিস্ট্রিবিউটর ও ডিলাররা সংশ্লিষ্ট অপারেটর থেকে কী পরিমাণ গ্যাস পেয়েছেন, তার বিস্তারিত তথ্য সংগ্রহ করতে বলা হয়েছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের পরিচয় যতটা সম্ভব বিস্তারিতভাবে নথিবদ্ধ করতে হবে।
জেলা প্রশাসকদের অবিলম্বে নিজ নিজ জেলার ডিস্ট্রিবিউটর ও ডিলারদের সঙ্গে সভা করে সরবরাহ ও বাজারজাতকরণের বাস্তব পরিস্থিতি পর্যালোচনা করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া এলপিজি সরবরাহের প্রতিটি ধাপ বা চ্যানেল থেকে তথ্য সংগ্রহের মাধ্যমে পুরো সরবরাহব্যবস্থাকে যাচাইযোগ্য করে তোলার নির্দেশ দেওয়া হয়েছে। যদি কোনো অপারেটর বা ডিস্ট্রিবিউটরের দেওয়া তথ্যের সঙ্গে মাঠপর্যায়ে ডিলারের পাওয়া গ্যাসের পরিমাণের মধ্যে অসামঞ্জস্য পাওয়া যায়, তবে তা আলাদাভাবে চিহ্নিত করতে হবে।
সরবরাহে অস্বাভাবিক ঘাটতি, বিচ্যুতি কিংবা ডিলার পর্যায় পর্যন্ত সরবরাহের পরিমাণে উল্লেখযোগ্য অসামঞ্জস্য পাওয়া গেলে তা জ্বালানি বিভাগসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে। জাহেদ উর রহমান জানান, জেলা পর্যায় থেকে পাওয়া তথ্য সমন্বয় করে অপারেটর থেকে ডিলার পর্যন্ত একটি সমন্বিত তথ্যভান্ডার তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে ভবিষ্যতে এলপিজির সরবরাহ পরিস্থিতি আরও কার্যকরভাবে তদারক করা সম্ভব হবে। নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

























