গোমস্তাপুরে আম ব্যবসায়ীদের ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তার ও বস্তি উচ্ছেদের দাবি
- আপডেট সময় : ১১:১৯:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আম ব্যবসায়ীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। একই সঙ্গে রহনপুর রেলস্টেশনসংলগ্ন কেডিসি পাড়া (শান্তিপাড়া) এলাকায় মাদক কারবার ও অসামাজিক কার্যকলাপ বন্ধ এবং অবৈধ বস্তি উচ্ছেদের দাবি তুলেছেন স্থানীয় ব্যবসায়ী নেতারা। শুক্রবার (৯ অক্টোবর) সকালে রহনপুর রেলস্টেশন আমবাজারে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে এসব দাবি উত্থাপন করা হয়।
মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধ এবং বস্তি উচ্ছেদের দাবিতে আন্দোলনরত চারটি আম ব্যবসায়ী সংগঠন যৌথভাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে লিখিত বক্তব্য পাঠ করেন আম ব্যবসায়ী উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক আতাউর রহমান বাবু। তিনি ব্যবসায়ীদের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান এবং কেডিসি পাড়া এলাকায় মাদক কারবার বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে ব্যবসায়ী ও রাজনৈতিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আসাদুল্লাহ আহমদ, তারিক আহমদ ও আশরাফুল ইসলাম, এবং জামায়াত নেতা তরিকুল ইসলাম বকুল। এছাড়া রহনপুর আম আড়তদার সমবায় সমিতির সভাপতি শামীম রেজা ও সাধারণ সম্পাদক নাসিরউদ্দীন, রহনপুর আমচাষি সমিতির সহসভাপতি মজিবুর রহমান ও সাধারণ সম্পাদক আবু তালেব, ব্যবসায়ী নেতা আশরাফুল ইসলাম আশরাফ, আম ব্যবসায়ী আনোয়ার হোসেন ও হাবিবুর রহমান হবি, এবং আম আড়তদার বহুমুখী সমিতির সভাপতি আকবর আলী ও সাধারণ সম্পাদক আরিফ রেজাসহ বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে রহনপুর বিজিবি ক্যাম্পের সামনে কেডিসি পাড়া এলাকায় আম ব্যবসায়ীদের ওপর হামলার ঘটনা ঘটে। ওই হামলায় পাঁচজন আম ব্যবসায়ী আহত হন এবং ঘটনাস্থলে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনার পর থেকেই জড়িতদের শাস্তি এবং এলাকায় মাদক নির্মূলের দাবিতে সোচ্চার ভূমিকা পালন করছেন স্থানীয় আম ব্যবসায়ী সংগঠনের নেতারা।




























