কারিগরি ত্রুটিতে স্থবির বাংলাদেশের অনলাইন ভিসা আবেদন কার্যক্রম
- আপডেট সময় : ১০:৫৬:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

বাংলাদেশের সরকারি অনলাইন ভিসা আবেদন পোর্টালে কারিগরি ত্রুটির কারণে গত ২৩ সেপ্টেম্বর থেকে নতুন করে ভিসার আবেদন করা যাচ্ছে না। এই সমস্যার ফলে বিদেশি নাগরিকদের ভিসা আবেদন ও সংশ্লিষ্ট কার্যক্রমে সাময়িক অচলাবস্থা তৈরি হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে বিষয়টির সত্যতা নিশ্চিত হওয়া গেছে। গত সোমবার সকাল থেকে ব্যবহারকারীরা পোর্টালে প্রবেশের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন, যেখানে প্রতিবারই 'সার্ভার এরর' বার্তা দেখাচ্ছে।
কূটনৈতিক সূত্র জানিয়েছে, বাংলাদেশের ভিসা আবেদন ব্যবস্থা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের (ডিআইপি) কেন্দ্রীয় সিস্টেমের সঙ্গে যুক্ত। বর্তমানে ওই সিস্টেমের মেশিন রিডেবল ভিসা (এমআরভি) সার্ভার সচল না থাকায় বিদেশে বাংলাদেশের বিভিন্ন মিশনে ভিসা ও নো ভিসা রিকোয়ার্ড (এনভিআর) কার্যক্রমে বিলম্ব হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যা সমাধানে কারিগরি দল সার্বক্ষণিক কাজ করছে।
ডিআইপির মহাপরিচালক মো. আলীমুল আমীন গণমাধ্যমকে বলেন, সিস্টেমে ত্রুটির কারণে নতুন আবেদন নেওয়া হচ্ছে না। তবে আগে যারা আবেদন করেছেন, তারা সময়মতো ভিসা পাবেন বলে জানান তিনি। সমস্যাটিকে সরকার অগ্রাধিকার দিয়ে দেখছে বলেও উল্লেখ করেন তিনি।
এদিকে লন্ডনে বাংলাদেশ হাইকমিশন ২৩ সেপ্টেম্বর এক জরুরি বিজ্ঞপ্তিতে জানায়, সংশ্লিষ্ট সিস্টেমে কারিগরি সমস্যার কারণে এনভিআর এনডোর্সমেন্ট, ভিসা প্রক্রিয়াকরণ ও ভিসা ইস্যুতে বিলম্ব হচ্ছে। আবেদনকারীদের অতিরিক্ত সময় দেওয়ার অনুরোধ জানিয়ে হাইকমিশন বলেছে, পরবর্তী আপডেট না দেওয়া পর্যন্ত বারবার আবেদনের অবস্থা জানতে যোগাযোগ না করতে।
বার্লিনে বাংলাদেশ দূতাবাসও জানিয়েছে, ডিআইপির কেন্দ্রীয় সিস্টেমে কারিগরি সমস্যার কারণে এমআরভি সার্ভার বর্তমানে সচল নেই। ফলে এনভিআর ও ভিসা আবেদনের প্রক্রিয়াকরণ এবং ভিসা ইস্যুতে সাময়িক বিলম্ব হচ্ছে। কেন্দ্রীয় সিস্টেম চালু হলে দূতাবাসের ওয়েবসাইট ও ফেসবুক পেজের মাধ্যমে স্বাভাবিক কার্যক্রম শুরুর তথ্য জানানো হবে। এছাড়া ব্যাংকক দূতাবাস জানিয়েছে, ভিসা সার্ভারে সাময়িক কারিগরি সমস্যার কারণে আবেদন জমা দেওয়া বা ভিসা-সংক্রান্ত সেবা পেতে আবেদনকারীদের সমস্যায় পড়তে হতে পারে। সরকারি অনলাইন এমআরভি পোর্টালে নতুন ভিসা, ভিসা নবায়ন, এনভিআর ও অন-অ্যারাইভাল ভিসার আবেদনসংক্রান্ত সেবা রয়েছে।



























