উল্লাপাড়ায় মাসুমপুর ক্রীড়াচক্রের ৩-১ গোলে জয়লাভ
- আপডেট সময় : ০১:১৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

উল্লাপাড়া উপজেলার শাহজাহানপুর মাঠে আয়োজিত ফুটবল টুর্নামেন্টে মাসুমপুর ক্রীড়াচক্র ৩-১ গোলের ব্যবধানে জয়লাভ করেছে। বৃষ্টিভেজা মাঠে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় মোট ১৬টি দলের অংশগ্রহণে আয়োজিত টুর্নামেন্টের শেষ ম্যাচে জয়ী হয়ে মাসুমপুর ক্রীড়াচক্র দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয়েছে। মাসুমপুর ক্রীড়াচক্রের হয়ে খেলায় গোল করে দলকে বিজয়ী করেন খেলোয়াড় ইমাম, জয় ও ফরহাদ।
শুক্রবার সকালে ক্রীড়াচক্রের কোচম্যান রেজাউল করিম এই জয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। টুর্নামেন্টটির আয়োজক ছিল শাহজাহানপুর যুব সংঘ।
দলের এই সাফল্যে আশাবাদ ব্যক্ত করেছেন মাসুমপুর ক্রীড়াচক্রের ম্যানেজার হামিদুল হক, অর্থসম্পাদক সেলিম উদ্দিন এবং উপদেষ্টা ফরিদুল ইসলাম ও হেদায়েত ইসলাম। তারা জানান, যুবসমাজকে মাদকের হিংস্র থাবা থেকে রক্ষা করা, তাদের ক্রীড়ামোদি করে গড়ে তোলা এবং দেশের জন্য সুনাম বয়ে আনার লক্ষ্যে মাসুমপুর ক্রীড়াচক্র দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে। তারা টুর্নামেন্টে চূড়ান্ত খেলায় বিজয় লাভ করার ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেন।

























