পাকুন্দিয়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড
- আপডেট সময় : ০৪:২৩:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় মাদক সেবনের অপরাধে পলিন (৩০) নামের এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার বুরুদিয়া ইউনিয়নের নরপতি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করার পর এই শাস্তি দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত পলিন ওই গ্রামের ফজলু মিয়ার ছেলে।
জানা গেছে, মঙ্গলবার সকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল পাকুন্দিয়ার নরপতি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালায়। অধিদপ্তরের উপপরিচালক মো. এনায়েত হোসেনের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে পলিনকে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে মাদক সেবনের বিভিন্ন উপকরণও উদ্ধার করা হয়।
পরবর্তীতে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস। তিনি মাদক সেবনের দায়ে পলিনকে এই কারাদণ্ড ও জরিমানা প্রদান করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, এলাকায় মাদক নির্মূল করতে এই ধরনের মাদকবিরোধী অভিযান এবং মাদকসেবীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া নিয়মিতভাবে অব্যাহত থাকবে। ইউএনও রূপম দাস ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন।



























