৪ বছর পর গড়াই নদে নৌকাবাইচ উৎসবে মাতল কুষ্টিয়া
- আপডেট সময় : ০৭:২৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে

দীর্ঘ চার বছরের বিরতির পর কুষ্টিয়ার গড়াই নদের ঘোড়াইঘাটে শুরু হয়েছে তিন দিনব্যাপী নৌকাবাইচ প্রতিযোগিতা। শুক্রবার দুপুরে উৎসবের উদ্বোধনী দিনে কুষ্টিয়াসহ বিভিন্ন জেলা থেকে আগত সাতটি দল এই প্রতিযোগিতায় অংশ নেয়। বৈঠার ছলাৎ ছলাৎ শব্দ আর মাঝিদের 'হৈইও রে হেইও' ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে নদীর দুই পাড়, যা দেখতে ভিড় করেন হাজার হাজার মানুষ।
প্রতিযোগিতার দ্বিতীয় দিনে শনিবার দুপুরেও উৎসবমুখর পরিবেশ বজায় ছিল। কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা এবং বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন আয়োজক কমিটির আহবায়ক ও কয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইমরান হোসেন ইউনুস এবং সঞ্চালনা করেন দি কুষ্টিয়া চেম্বারের পরিচালক ফুহাদ রেজা ফাহিম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী হাজী মসলেম উদ্দিন। এছাড়া জেলা ছাত্রদলের আহবায়ক মোজাক্কির রহমান রাব্বি, কুমারখালি উপজেলা যুবদলের আহবায়ক অ্যাডভোকেট জাকারিয়া আনছার মিলন, কয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক মালিথা এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম শরিফসহ অনেকে উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে নৌকা বাইচকে হাজার বছরের গ্রামীণ সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হিসেবে উল্লেখ করেন। তারা বলেন, সময়ের বিবর্তনে অনেক লোকজ ঐতিহ্য হারিয়ে যাচ্ছে। এমন আয়োজন নতুন প্রজন্মের কাছে বাংলার ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি মানুষের মধ্যে আনন্দের খোরাক যোগায়। নদীর দুই পাড়ে হাজারো মানুষের উপস্থিতিই প্রমাণ করে বাংলার ঐতিহ্যবাহী সংস্কৃতির প্রতি মানুষের আগ্রহ এখনো অটুট।
স্থানীয় বয়োজ্যেষ্ঠরা জানান, আধুনিকতার ছোঁয়ায় অনেক লোকজ উৎসব হারিয়ে যেতে বসেছে, তাই এই ধরনের আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। অংশগ্রহণকারী মাঝিরা জানান, ২০২২ সালের পর এই প্রথম তারা প্রতিযোগিতার সুযোগ পেয়েছেন। দীর্ঘ বিরতির পর আয়োজিত এই নৌকা বাইচ ঘিরে এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। রবিবার সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে এই প্রতিযোগিতা। বিজয়ীদের জন্য পুরস্কার হিসেবে মোটরসাইকেল, ফ্রিজ ও টেলিভিশনের ব্যবস্থা রাখা হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।



























