জামায়াত-আওয়ামী লীগ আঁতাত করে দেশ অশান্ত করার চেষ্টা করছে: রাশেদ খাঁন
- আপডেট সময় : ০৪:৫২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

ঝিনাইদহে এক কুশল বিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন অভিযোগ করেছেন, আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে গোপন আঁতাতের মাধ্যমে দেশকে অশান্ত করার পাঁয়তারা করছে জামায়াতে ইসলামী। তিনি দাবি করেন, জামায়াতের একের পর এক লংমার্চ কর্মসূচি মূলত এই চক্রান্তেরই অংশ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহ সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে জুমার নামাজ শেষে কুশল বিনিময় করেন রাশেদ খাঁন। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি দেশের চলমান জ্বালানি সংকট নিয়ে কথা বলেন এবং বিরোধী দলের লংমার্চের সমালোচনা করেন।
রাশেদ খাঁন বলেন, বিদ্যুৎ ও গ্যাস সংকট একটি জাতীয় সমস্যা, যা সমাধানে সরকারের পাশাপাশি বিরোধী দলেরও গঠনমূলক ভূমিকা রাখা প্রয়োজন। কিন্তু তা না করে গ্যাস ও বিদ্যুৎ সংকটের অজুহাতে লংমার্চ করা হচ্ছে। তিনি প্রশ্ন তোলেন, লংমার্চের মাধ্যমে কীভাবে এই সমস্যার সমাধান সম্ভব? তিনি আরও উল্লেখ করেন, সরকার জ্বালানি সংকট কাটাতে কাজ করে যাচ্ছে, অথচ জামায়াতসহ বিরোধী দল চট্টগ্রামে লংমার্চ করেছে এবং এখন রংপুরে যাওয়ার ঘোষণা দিয়েছে।
জামায়াতে ইসলামীর কঠোর সমালোচনা করে তিনি বলেন, দলটি নিজেদের স্বার্থে শত্রুদের সঙ্গেও হাত মেলাতে পারে। আগামী ডিসেম্বরে আওয়ামী লীগকে ফেরানোর জন্য তারা ভারতের সঙ্গে আঁতাত করে অপচেষ্টা চালাচ্ছে। তিনি মন্তব্য করেন, আওয়ামী লীগের ভাষা এবং জামায়াতের আমীরের ভাষা একই সূত্রে গাঁথা। এ বিষয়ে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, দিল্লি সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে বারবার ভারত সফরের অনুরোধ জানিয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন যে, পলাতক শেখ হাসিনা এবং ওসমান হাদীর খুনিদের ফেরত না দেওয়া পর্যন্ত তিনি ভারত সফর করবেন না। তিনি কটাক্ষ করে বলেন, এমন অনুরোধ যদি জামায়াতের আমীরকে করা হতো, তবে তিনি এতদিনে দিল্লিতে অবস্থান করতেন।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার পাশাপাশি রাশেদ খাঁন ঝিনাইদহসহ দেশের বিভিন্ন হাসপাতালে জনবল সংকট দূর করা এবং স্বাস্থ্যসেবার মান বাড়াতে সরকারের নেওয়া বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন। এরপর তিনি স্থানীয় শিশু-কিশোরদের মাঝে মাদকবিরোধী সচেতনতামূলক বার্তা পৌঁছে দেন।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, আনোয়ারুল ইসলাম বাদশা, যুগ্ম সম্পাদক এম শাহজাহান আলী, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সমীনুজ্জামান সমীন, বর্তমান সভাপতি ইমরান হোসেনসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।




























