ওয়ানডে অভিষেকেই ১৫০ রান, বিশ্বরেকর্ডে ভাগ বসালেন জর্ডান হারমান
- আপডেট সময় : ০২:৩৯:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

ওয়ানডে ক্রিকেটে অভিষেকের দিনেই বিশ্বরেকর্ডের পাতায় নাম লেখালেন দক্ষিণ আফ্রিকার ২৪ বছর বয়সী ওপেনার জর্ডান হারমান। উইন্ডহুকে নামিবিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে বুধবার ১৫০ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন এই প্রোটিয়া ব্যাটার। এর মাধ্যমে ওয়ানডে অভিষেকে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড স্পর্শ করলেন তিনি। মজার বিষয় হলো, এই রেকর্ডের আগের একক অংশীদার ছিলেন তারই সতীর্থ ম্যাথু ব্রিটজকে।
গত বছরের ১০ ফেব্রুয়ারি লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেকে ১৪৮ বলে ঠিক ১৫০ রান করে বিশ্বরেকর্ড গড়েছিলেন ব্রিটজকে। তার এই কীর্তির মাত্র দেড় বছরের মাথায় সেখানে ভাগ বসালেন হারমান। ব্রিটজকের আগে দীর্ঘ সাড়ে চার দশক ধরে এই রেকর্ডের মালিক ছিলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ডেসমন্ড হেইন্স। ১৯৭৮ সালের ২২ ফেব্রুয়ারি অ্যান্টিগা রিক্রিয়েশন গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে অভিষেকে ১৩৬ বলে ১৪৮ রান করেছিলেন তিনি।
উইন্ডহুকে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য খুব একটা ভালো হয়নি দক্ষিণ আফ্রিকার। দলীয় সপ্তম ওভারেই তারা ওপেনার ইস্টারহুইজেনকে হারিয়ে ফেলে। তবে শুরুর ধাক্কা সামলে নামিবিয়ার বোলারদের ওপর চড়াও হন হারমান এবং ডি জর্জি। দ্বিতীয় উইকেটে এই জুটি ১৬৬ বলে ১৯০ রানের বিশাল পার্টনারশিপ গড়েন। হারমান তার ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন মাত্র ৯৩ বলে।
দলীয় ২১৭ রানে ডি জর্জি ৮৪ বলে ৭২ রান করে সাজঘরে ফিরলেও উইকেটের এক প্রান্ত আগলে রাখেন হারমান। এরপর ডেভাল্ড ব্রেভিসকে সঙ্গে নিয়ে আরও ৫৯ রান যোগ করেন তিনি। শেষ পর্যন্ত ১২৬ বলে ১৫০ রান করে আউট হন এই বাঁহাতি ওপেনার। লিস্ট ‘এ’ ক্রিকেটে এটি হারমানের পঞ্চম সেঞ্চুরি। হারমানের এই ঐতিহাসিক ইনিংসের ওপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩৪৮ রানের পাহাড় গড়েছে দক্ষিণ আফ্রিকা।





























