৩০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে আস্থা সমিতির মালিক খোকন গ্রেপ্তার
- আপডেট সময় : ১১:০১:১০ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

পিরোজপুরের নেছারাবাদে আস্থা ঋণদান ও সমবায় সমিতি লিমিটেডের স্বত্বাধিকারী বিশ্বজিৎ হালদার খোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ওই সমিতির সভাপতি হিসেবে দায়িত্বরত ছিলেন। রবিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে বরিশাল বিমানবন্দর থানা এলাকার কলারটিমা-কাশিপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানিয়েছেন, সোমবার (৭ সেপ্টেম্বর) তাকে আদালতে সোপর্দ করা হবে।
গ্রেপ্তার বিশ্বজিৎ হালদার খোকন নেছারাবাদ উপজেলার গণপতিকাঠি গ্রামের বিমল চন্দ্র হালদারের ছেলে। সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, তার মালিকানাধীন এই সমবায় সমিতিটিতে প্রায় দুই হাজার সদস্যের প্রায় ৩০ কোটি টাকা আমানত হিসেবে জমা রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বিশ্বজিৎ হালদার খোকনের বিরুদ্ধে সিআর মামলাসহ মোট ছয়টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এর মধ্যে পাঁচটি মামলায় তিনি সাজাপ্রাপ্ত এবং একটি মামলায় সাধারণ গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। পরোয়ানা জারির পর থেকে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।
নেছারাবাদ থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল বিমানবন্দর থানা এলাকায় অভিযান পরিচালনা করে। এএসআই মো. রিয়াদ হাসান ও এএসআই মো. শাওনের নেতৃত্বে পুলিশ সদস্যরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হন। এ বিষয়ে নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ মো. মেহেদী হাসান নিশ্চিত করেছেন যে, একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় দীর্ঘদিন পলাতক থাকার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হবে।



























