সবাই রেডি হলেই স্থানীয় নির্বাচনে ঝাঁপ দেবে ইসি: সিইসি
- আপডেট সময় : ০৫:৫৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ ১৭ বার পড়া হয়েছে

স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ এখনই ঘোষণা করা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। সোমবার (২৪ আগস্ট) আগারগাঁওয়ের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত 'এক্সিকিউটিভ লিডারশিপ ডায়ালগ' অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
নির্বাচন কবে নাগাদ শুরু হতে পারে, এমন প্রশ্নের জবাবে সিইসি জানান, নির্বাচনের দিনক্ষণ অনেকগুলো বিষয়ের ওপর নির্ভর করে। তিনি বলেন, বর্তমানে কমিশন কিছু আইন ও বিধি-বিধান সংশোধনের কাজ করছে, যা ভেটিংয়ের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আইনি বাধ্যবাধকতাগুলো মাথায় রেখে সরকারের সাথে আলোচনার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
সিইসি স্পষ্ট করেছেন যে, কেবল নির্বাচন কমিশনের প্রস্তুতিই যথেষ্ট নয়; আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবার প্রস্তুতি প্রয়োজন। তিনি বলেন, "সরকার ছাড়া তো চলতে পারব না; বিজিবি, এসআরবি (র্যাব)—সবাই তো সরকারের লোক। শুধু আমার ইলেকশন কমিশন একার প্রস্তুতি নয়, এই সমস্ত বাহিনী—যারা ইলেকশনে কাজ করবে, তাদের প্রস্তুতি তো দরকার আছে।" তিনি আরও যোগ করেন, "নতুন একটা সরকার আসছে। যখন সবাই রেডি হব, তাহলে বোঝা যাবে যে নির্বাচন কমিশন প্রস্তুত। শুধু নির্বাচন কমিশন আমার ঘরের মধ্যে প্রস্তুতি নিয়ে ইলেকশনে ঝাঁপ দেব—এমন না, সবাইকে নিয়েই আমার ঝাঁপ দিতে হবে ইলেকশনে। সবাইকে নিয়ে যে প্রস্তুতি, সেটার জন্য আমরা কার্যক্রম নিয়েছি।"
স্থানীয় নির্বাচনের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে নাসির উদ্দিন বলেন, অতীতে স্থানীয় নির্বাচনে সহিংসতার প্রবণতা বেশি দেখা গেছে। এবার এই পরিস্থিতি নিয়ন্ত্রণে কমিশন সর্বাত্মক চেষ্টা করবে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সেভাবে কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে তিনি ইতিমধ্যে পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) সাথে বৈঠক করেছেন বলেও জানান। আশা প্রকাশ করে তিনি বলেন, সবাইকে নিয়ে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।





























