১৬ ডিসেম্বরের মধ্যে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর লক্ষ্য
- আপডেট সময় : ০৯:৫১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে

চলতি বছরের ১৬ ডিসেম্বরের মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। মঙ্গলবার বিকেলে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) আয়োজিত এভিয়েশন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, পূর্ববর্তী সরকার থার্ড টার্মিনাল প্রকল্পটিকে একটি বাজে অবস্থায় রেখে গিয়েছিল এবং অন্তর্বর্তীকালীন সরকারও এ বিষয়ে কোনো কাজ করেনি। তিনি আরও বলেন, মন্ত্রণালয়কে আগের সরকার ব্যক্তিস্বার্থে ভর্তুকির খাত হিসেবে ব্যবহার করেছে এবং বিমান খাতের উন্নয়নের চেয়ে নিজেদের উন্নয়নের দিকেই বেশি মনোযোগ দিয়েছিল। দায়িত্ব নেওয়ার পর প্রতিটি খাতে দুরবস্থা দেখার কথা উল্লেখ করে তিনি বলেন, তৎকালীন সরকার কোনো ফান্ড বা টাকা রেখে যায়নি। বর্তমান সরকার সেই দুরবস্থার ইতি টানার চেষ্টা করছে।
থার্ড টার্মিনালের প্রয়োজনীয়তার বিষয়ে মন্ত্রী বলেন, এটি আগের সরকারের প্রকল্প হলেও বিদ্যমান টার্মিনালের সক্ষমতা কম হওয়ায় এর প্রয়োজনীয়তা রয়েছে। এ সময় তিনি দেশের এভিয়েশন খাতে মেইনটেন্যান্স, রিপেয়ার অ্যান্ড ওভারহল (এমআরও) সুবিধা গড়ে তোলার পরিকল্পনার কথা জানান। লালমনিরহাট বিমানবন্দরকে এমআরও শিল্পের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে বোয়িং, এয়ারবাস এবং সিঙ্গাপুরসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে বলে তিনি উল্লেখ করেন।
এছাড়া দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পাইলট হিসেবে গড়ে তুলতে একটি ফ্লাইং একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনাও রয়েছে সরকারের। বিমানবাহিনীর কল্যাণ ট্রাস্টের সঙ্গে সমন্বয় করে এই এভিয়েশন একাডেমি তৈরির লক্ষ্য নেওয়া হয়েছে, যাতে পাইলট হতে কোটি টাকা খরচের প্রয়োজন না হয়। মন্ত্রী জানান, পিছিয়ে পড়া মেধাবী শিক্ষার্থীদের বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে এবং পরবর্তীতে তারা চাকরিতে যোগ দিয়ে প্রশিক্ষণের ব্যয় পরিশোধ করতে পারবেন। এর ফলে দেশে পাইলট সংকট কমার পাশাপাশি বিদেশেও কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
অনুষ্ঠানে সাংবাদিকদের এভিয়েশন খাতের সমস্যা ও দুর্বলতার পাশাপাশি সম্ভাবনা ও ইতিবাচক দিকগুলো তুলে ধরার আহ্বান জানান মন্ত্রী। পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদস্য এয়ার কমোডর মো. নূর-ই-আলম এবং এভিয়েশন বিশেষজ্ঞ উইং কমান্ডার (অব.) এটিএম নজরুল ইসলাম।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) আয়োজিত দুই দিনব্যাপী এভিয়েশন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।



























