ফিলিপাইনের স্কুলে বন্দুক হামলায় ২ শিক্ষার্থী নিহত
- আপডেট সময় : ১০:৪৮:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় জাম্বোয়াঙ্গা শহরের একটি স্কুলে বন্দুক হামলার ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সংঘটিত এই হামলার পর পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। গত দুই মাসের মধ্যে দেশটির কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে এটি দ্বিতীয় বন্দুক হামলার ঘটনা। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
হামলার ঘটনাটি ঘটেছে জাম্বোয়াঙ্গার অ্যাতেনিও দে জাম্বোয়াঙ্গা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংযুক্ত একটি স্কুলে। শহরের মেয়র খাইমার আদান ওলাসো জানিয়েছেন, নিহত দুজনই ওই স্কুলের শিক্ষার্থী। ধারণা করা হচ্ছে, নিহতদের মধ্যে একজনই মূলত হামলাকারী ছিলেন। এই হামলায় একটি ‘উচ্চক্ষমতাসম্পন্ন আগ্নেয়াস্ত্র’ ব্যবহার করা হয়েছিল। তবে নিহতদের বিস্তারিত পরিচয় এবং হামলার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাটির তদন্ত শুরু করেছে।
বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট আর্নাল্ড আন্দাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে সেখানে আর কোনো সক্রিয় হামলাকারী নেই এবং নতুন করে কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি। এক বিবৃতিতে আন্দাল বলেন, ‘এই মুহূর্তে আমরা দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করছি। সেখানে আর কোনো সক্রিয় হামলাকারী নেই।’ তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় করে কাজ করছে। নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা পরবর্তীতে জানানো হবে।
শিক্ষার্থীদের সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট বলেন, ‘আমরা চাই না এ ধরনের আর কোনো ঘটনার পুনরাবৃত্তি ঘটুক। আমাদের সব শিক্ষার্থীর নিরাপত্তাকে আমরা সবচেয়ে বেশি অগ্রাধিকার দিতে চাই।’
ফিলিপাইনে গত দুই মাসের মধ্যে এটি স্কুলে গুলির দ্বিতীয় ঘটনা। এর আগে গত জুন মাসে ট্যাকলোবান শহরের একটি সরকারি উচ্চবিদ্যালয়ে দুই শিক্ষার্থী ক্যাম্পাসের ভেতরে গুলি চালালে অন্তত তিনজন শিক্ষার্থী নিহত এবং প্রায় ২০ জন আহত হন। এছাড়া থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উপকণ্ঠে এক শিক্ষার্থীর গুলিবর্ষণের ঘটনার মাত্র ১০ দিনেরও কম সময়ের মধ্যে ফিলিপাইনে এই নতুন হামলার ঘটনাটি ঘটল।



























