ইরান ঘিরে উত্তেজনায় বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম
- আপডেট সময় : ০৯:৩৪:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ ২৩ বার পড়া হয়েছে

ইরানকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনা বৃদ্ধি এবং মার্কিন নৌ অবরোধের হুমকির জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারো বেড়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের ওপর অনির্দিষ্টকালের জন্য নৌ অবরোধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেওয়ার পর বিশ্ববাজারে অপরিশোধিত তেলের সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এর ফলেই তেলের মূল্য ঊর্ধ্বমুখী হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার গ্রিনিচ মান সময় রাত ১টা ৩০ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯ সেন্ট বা ০.১ শতাংশ বৃদ্ধি পেয়ে ৮৭.১৬ ডলারে পৌঁছায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ৪ সেন্ট বেড়ে দাঁড়িয়েছে ৮১.২৯ ডলারে। এর আগের দিন বৃহস্পতিবার বিশ্বজুড়ে তেলের চাহিদা হ্রাসের আশঙ্কায় উভয় বেঞ্চমার্কের দাম ২ শতাংশের বেশি কমে গিয়েছিল। তবে টানা কয়েকদিন দরবৃদ্ধির পর চলতি সপ্তাহে দুই ধরনের তেলের দামই প্রায় ৪ শতাংশ বাড়ার পথে রয়েছে। ব্রেন্ট ক্রুড টানা ছয় সেশন এবং ডব্লিউটিআই ক্রুড টানা পাঁচ সেশন ধরে বেড়েছে।
এই উত্তেজনার পারদ আরও চড়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় হরমুজ প্রণালিতে সংযুক্ত আরব আমিরাতের দুটি তেলবাহী জাহাজে হামলার পর। আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়াম জানিয়েছে, আবুধাবি National অয়েল কোম্পানির (এডনক) মালিকানাধীন জাহাজ দুটিতে হামলার ঘটনায় সংযুক্ত আরব আমিরাত সরকার ইরানকে দায়ী করেছে। এদিকে ইরানের আধাসামরিক বাহিনী বাসিজের প্রধান হোসেইন তাইয়েব আধা-সরকারি বার্তা সংস্থা ফার্সকে জানিয়েছেন, হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে ইসলামি প্রজাতন্ত্রের ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণে রয়েছে। এই গুরুত্বপূর্ণ জলপথে দীর্ঘমেয়াদি সংঘাতের আশঙ্কায় বিশ্ববাজারে তেল সরবরাহ ব্যাহত হওয়ার চরম উদ্বেগ তৈরি হয়েছে।
সরবরাহ নিয়ে এই চরম উদ্বেগের বিপরীতে তেলের বাজারে চাহিদা হ্রাসের পূর্বাভাসও সক্রিয় রয়েছে। চলতি সপ্তাহে ওপেক এবং আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) বিশ্বজুড়ে তেলের চাহিদা বৃদ্ধির পূর্বাভাস কমিয়ে দিয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত সাড়ে তিন বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বড় সাপ্তাহিক বৃদ্ধির রেকর্ড গড়েছে। কেসিএম-এর প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার এই পরিস্থিতি ব্যাখ্যা করে বলেন, তেলের বাজারে বর্তমানে দুটি বিপরীতমুখী শক্তি কাজ করছে। একদিকে সরবরাহ নিয়ে উদ্বেগ দাম বাড়াতে ভূমিকা রাখছে, অন্যদিকে দুর্বল চাহিদার পূর্বাভাস দামকে অতিরিক্ত বাড়তে দিচ্ছে না।


























