যশোর বোর্ডে এসএসসিতে ১১ স্কুলে শতভাগ ফেল, কমেছে শতভাগ পাসের হার
- আপডেট সময় : ১১:২১:২৩ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬ ২ বার পড়া হয়েছে

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। একই সঙ্গে বেড়েছে একটি শিক্ষার্থীও পাস করতে না পারা তথা শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা। সোমবার প্রকাশিত চলতি বছরের পরীক্ষার ফলাফলে এই চিত্র দেখা গেছে।
এবারের ফলাফলে দেখা যায়, যশোর বোর্ডে মাত্র ৩৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষার্থী পাস করেছে, যা গত বছর ছিল ৭৫টি। অন্যদিকে, এবার ১১টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি, যেখানে গত বছর শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল মাত্র দুটি। এ বছর এই বোর্ডের অধীনে ২ হাজার ৫৮১টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১ লাখ ৩২ হাজার ৯৪০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল।
শতভাগ অকৃতকার্য হওয়া ১১টি প্রতিষ্ঠানের মধ্যে যশোর ও সাতক্ষীরা জেলার ৪টি করে এবং খুলনা জেলার দুটি ও বাগেরহাটের একটি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।
অকৃতকার্য হওয়া প্রতিষ্ঠানগুলো হলো— যশোরের মণিরামপুর উপজেলার হেলাঞ্চি কৃষ্ণবাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয় (পরীক্ষার্থী ১ জন) ও চান্দুয়া সমসকাটি গার্লস হাইস্কুল (পরীক্ষার্থী ৩ জন), শার্শা উপজেলার সাড়াতলা জুনিয়র গার্লস হাইস্কুল (পরীক্ষার্থী ২ জন) এবং মুক্তিযোদ্ধা জিকেজিএস সেকেন্ডারি গার্লস স্কুল (পরীক্ষার্থী ১ জন)। সাতক্ষীরা সদর উপজেলার সাতক্ষীরা নাইসা সেকেন্ডারি স্কুল (পরীক্ষার্থী ৭ জন), আশাশুনি উপজেলার গোদারা সেকেন্ডারি স্কুল (পরীক্ষার্থী ৪ জন), দেবহাটা উপজেলার বাবুরাবাদ ধাপুখালি সেকেন্ডারি স্কুল (পরীক্ষার্থী ৪ জন) এবং শ্যামনগর উপজেলার সাহেবখালি সিদ্দিক গাজী মাধ্যমিক বিদ্যালয় (পরীক্ষার্থী ৪ জন)। এছাড়া খুলনার ডুমুরিয়া উপজেলার কাতেঙ্গা মাধ্যমিক বিদ্যালয় (পরীক্ষার্থী ৪ জন) ও খালিশপুরের আসমা সরওয়ার ইসলামিক উচ্চ বিদ্যালয় (পরীক্ষার্থী ৪ জন) এবং বাগেরহাটের শরণখোলা উপজেলার ডি এন একতা বালিকা উচ্চ বিদ্যালয় (পরীক্ষার্থী ২ জন)।
গত বছর শতভাগ ফেল করা দুটি প্রতিষ্ঠান ছিল নড়াইলের মুলাদি তালতলা মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বাগেরহাটের মোরেলগঞ্জের নাহালখালি মাধ্যমিক বালিকা বিদ্যালয়। এই দুটি স্কুল থেকে একজন করে ছাত্রী পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হয়েছিল।
যশোর শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে শতভাগ পাস করা স্কুলের সংখ্যা ছিল ৪২২টি, ২০২৩ সালে ১৯৩টি এবং ২০২২ সালে এই সংখ্যা ছিল ৫১৩টি। এছাড়া, ২০২৪ সালে শতভাগ ফেল করা কোনো প্রতিষ্ঠান না থাকলেও ২০২৩ সালে বোর্ডের ৩টি স্কুলের সব শিক্ষার্থী ফেল করেছিল। প্রতিষ্ঠানগুলো হলো— যশোরের শার্শা উপজেলার সাড়াতলা নিম্ন-মাধ্যমিক বিদ্যালয়, সাতক্ষীরার তালা উদয়ন মাধ্যমিক বিদ্যালয় ও নড়াইলের মুলাদি তালতলা মাধ্যমিক বিদ্যালয়।



























