শক্তিশালী গণতন্ত্রই সাম্প্রদায়িক সম্প্রীতির রক্ষাকবচ: নাহিদ ইসলাম
- আপডেট সময় : ০১:২২:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬ ২৬ বার পড়া হয়েছে

জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে যে বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ার স্বপ্ন দেখা হয়েছিল, তা এখনো অটুট রয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। শনিবার রাজধানীর ডিআরইউ মিলনায়তনে 'সম্প্রীতির জুলাই: জুলাই গণঅভ্যুত্থানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের অবদান' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানটি শুরু থেকেই অসাম্প্রদায়িক চেতনায় পরিচালিত হয়েছে এবং এতে সব ধর্মের মানুষ অংশগ্রহণ করেছে। আন্দোলনের সময় অন্তত ৯ জন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ শহীদ হয়েছেন। তিনি অভিযোগ করেন যে, বিগত ফ্যাসিষ্ট সরকার সংখ্যালঘু সম্প্রদায়কে রাজনৈতিক কার্ড হিসেবে ব্যবহার করত। ধর্মনিরপেক্ষতার নামে আওয়ামী লীগ নিজেদের অসাম্প্রদায়িক এবং অন্যদের সাম্প্রদায়িক হিসেবে উপস্থাপন করার চেষ্টা করত। তিনি সংখ্যালঘু সম্প্রদায়কে কোনো নির্দিষ্ট দলের পকেটে বন্দি না থেকে সব দলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার আহ্বান জানান, যাতে কোনো একটি দলের অপকর্মের দায় তাদের নিতে না হয়।
জুলাই পরবর্তী সময়ে সম্প্রীতি রক্ষার প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের পর মাদ্রাসার শিক্ষার্থীরা মন্দির পাহারা দেওয়ার মতো নজির স্থাপন করেছে, যা বিভাজনের ঊর্ধ্বে ওঠার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি সরকারের কাছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের সব দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনার দাবি জানান। বিশেষ করে অতীতে গুম, খুন এবং জমি দখলের মতো যেসব হামলার ঘটনা ঘটেছে, তার বিচার নিশ্চিত করার ওপর তিনি জোর দেন।
নাহিদ ইসলাম আরও বলেন, প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে গণতন্ত্র শক্তিশালী করতে পারলে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করা সম্ভব। বিচার ব্যবস্থা স্বাধীন ও নিরপেক্ষ হলে এর সুফল সবাই পাবে। তিনি বর্তমান সময়ে বিরোধী দলগুলোর ওপর দমন-পীড়নের পুরোনো সংস্কৃতি ফিরে আসার আশঙ্কার কথা উল্লেখ করে বলেন, দেশের সংকট উত্তরণে এবং জুলাই সনদ বাস্তবায়নে সবার দায়িত্বশীল আচরণ প্রয়োজন। জাতীয় ঐক্যের ভিত্তি সংস্কারের মাধ্যমেই দেশের চলমান পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব বলে তিনি মন্তব্য করেন।
এনসিপির যুগ্ম সদস্যসচিব প্রীতম দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় অন্যদের মধ্যে বাংলাদেশ বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয় মহাথের, সেন্ট মেরি ক্যাথেড্রালের পরিচালক ফাদার এলবার্ট টমাস রোজারিও এবং এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার ও আলী আহসান জুনায়েদসহ বিভিন্ন সম্প্রদায়ের নেতারা উপস্থিত ছিলেন।
আজ শনিবার (১ আগস্ট) জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর ডিআরইউ মিলনায়তনে 'সম্প্রীতির জুলাই: জুলাই গণঅভ্যুত্থানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের অবদান' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন নাহিদ।




























