কক্সবাজারে শিশু যৌন নির্যাতন চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

- আপডেট সময় : ০৩:৩০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ৫ বার পড়া হয়েছে

কক্সবাজার সদর থানাধীন রিং রোড এলাকায় আট বছরের এক শিশুকে যৌন নির্যাতনের চেষ্টার অভিযোগে নুরুল আফসার (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৭ জুলাই ২০২৬ সোমবার রাত সাড়ে ৯টার দিকে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ ফোনকল পেয়ে পুলিশ এই পদক্ষেপ গ্রহণ করে।
৯৯৯ সূত্রে জানা যায়, সোমবার রাতে রিং রোড এলাকার এক ব্যক্তি জরুরি এই নম্বরে ফোন করে শিশুটির ওপর যৌন নির্যাতনের চেষ্টার বিষয়টি অবহিত করেন। কলটি রিসিভ করেন কলটেকার কনস্টেবল সুজন। এরপর পুলিশ ডিসপাচার এসআই মো. আওলাদ হোসেন কলার ও সংশ্লিষ্ট থানার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রেখে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী, অভিযুক্ত নুরুল আফসার শিশুটিকে পান আনতে দোকানে পাঠিয়েছিলেন। শিশুটি পান নিয়ে তার বাসায় ফিরলে অভিযুক্ত ব্যক্তি শিশুটির স্পর্শকাতর স্থানে হাত দেন। শিশুটির চিৎকারে তার বাবা-মা ও প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করেন।
সংবাদ পেয়ে কক্সবাজার সদর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশ পৌঁছানোর আগেই উত্তেজিত এলাকাবাসীর গণপিটুনিতে অভিযুক্ত নুরুল আফসার আহত হন। পুলিশ তাকে গ্রেপ্তার করে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ১৫: ১৪আপডেট : ২৮ জুলাই ২০২৬, ১৫: ২৯



























