তরুণ সমাজকে মাদকের হাত থেকে রক্ষার আহ্বান প্রেসিডেন্টের
- আপডেট সময় : ০১:৫২:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে

দেশের তরুণ সমাজ ও শিক্ষার্থীদের মাদকের ভয়াবহ থাবা থেকে রক্ষা করার ওপর গুরুত্বারোপ করেছেন প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার সকালে বঙ্গভবনে উত্তরা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখার নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এলে তিনি এ মন্তব্য করেন।
প্রেসিডেন্ট এ সময় দেশের বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান এবং এর সংলগ্ন এলাকা মাদকমুক্ত রাখার জন্য কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। তিনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের ওপর জোর দিয়ে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
সাক্ষাৎকালে উত্তরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রেসিডেন্টের কাছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও বিভিন্ন একাডেমিক কার্যক্রমের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন। প্রতিনিধিদল এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সুবিধা ও বিদ্যমান সমস্যাগুলো সম্পর্কেও প্রেসিডেন্টের দৃষ্টি আকর্ষণ করেন। প্রেসিডেন্ট তাদের সমস্যার কথা শোনেন এবং তা সমাধানের আশ্বাস প্রদান করেন।
উপাচার্য এসময় প্রেসিডেন্টকে বিশ্ববিদ্যালয়ের আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে আচার্য হিসেবে উপস্থিত থাকার জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান। প্রেসিডেন্ট এই আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং সমাবর্তনে উপস্থিত থাকার বিষয়ে প্রতিনিধিদলকে আশ্বস্ত করেছেন।
সাক্ষাৎকালে প্রেসিডেন্টের কার্যালয়ের সামরিক সচিব, সচিব, প্রেস সচিব এবং উত্তরা বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও ট্রাস্টি বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।




























