পদ বাণিজ্যের প্রমাণ দিতে ছাত্রশিবিরকে চ্যালেঞ্জ সালাহউদ্দিন আম্মারের
- আপডেট সময় : ০৪:১৯:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পদ বাণিজ্যের অভিযোগের সপক্ষে প্রমাণ উপস্থাপন করতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার। বৃহস্পতিবার (১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বিবৃতির মাধ্যমে তিনি এই চ্যালেঞ্জ ছুড়ে দেন।
নিজের ফেসবুক পোস্টে সালাহউদ্দিন আম্মার স্পষ্ট ভাষায় উল্লেখ করেন, টাকার বিনিময়ে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো পদ দিয়েছেন—এমন অভিযোগের প্রমাণ শিবিরকে দিতে হবে। তিনি আরও লেখেন, গোটা বাংলাদেশের শিবিরকে উদ্দেশ্য করে এই চ্যালেঞ্জ দেওয়া হয়েছে এবং প্রয়োজনে তারা যেন পাকিস্তান শিবিরকেও সাথে নিয়ে নেয়।
সালাহউদ্দিন আম্মার বলেন, যেহেতু আপনারা মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন এবং নিজেদের প্যাড ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করছেন, এটি মুনাফেকির চরম পর্যায়। তিনি শিবিরকে ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়ে বলেন, সাহসের পরিচয় দিয়ে একটি পদ বাণিজ্যের প্রমাণ দেখান।
নিজের এই আহ্বানে তিনি আরও উল্লেখ করেন যে, শিবির নিজেদের গোয়েন্দা বাহিনী ও সরকারি গোয়েন্দা সংস্থাসহ যত উৎস থেকে সম্ভব তথ্য সংগ্রহ করতে পারে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এই ঘটনার পর আরও চ্যালেঞ্জ সামনে আসছে।
পোস্টে তিনি লেখেন, ‘গোটা বাংলাদেশের শিবির (সাথে পাকিস্তান শিবিরকেও নিয়েন) প্রতি চ্যালেঞ্জ-০১। আমি টাকার বিনিময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পদ দিয়েছি প্রমাণ দেন, যেহেতু মিথ্যা অপপ্রচার করেন আপনারা আপনাদের প্যাডে মানুষকে নিয়ে এটা মুনাফেকির চরম পর্যায়।’
তিনি লেখেন, ‘সাহস থাকলে চ্যালেঞ্জ গ্রহণ করেন। ০১টা পদ বাণিজ্যের প্রমাণ দেখান। ২৪ ঘন্টা সময়…(নিজেদের গোয়েন্দা বাহিনী, সরকারী গোয়েন্দা সংস্থাসহ যত জায়গা থেকে তথ্য নেওয়া যায় নেন, সামনে আরো চ্যালেঞ্জ আসছে)।’





























