আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞার প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
- আপডেট সময় : ০৮:৩৯:২৬ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে

আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ ও সহযোগী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে জারি করা সরকারি প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে। মুন্সিগঞ্জের শ্রীনগর এলাকার বাসিন্দা মো. আল আমিনের পক্ষে এই আবেদনটি করা হয়। সোমবার রিট দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমী।
রিট আবেদনে ২০২৫ সালের ১২ মে জারি করা ওই প্রজ্ঞাপনটিকে কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে। এর পাশাপাশি রুল জারি করা হলে, সেটির চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত প্রজ্ঞাপনটির কার্যকারিতা স্থগিত রাখার আবেদনও করা হয়েছে। বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের সোমবারের কার্যতালিকার ৬০ নম্বর ক্রমিকে রিট আবেদনটি শুনানির জন্য রয়েছে।
এর আগে, ২০২৫ সালের ১২ মে সরকারের পক্ষ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। ওই প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ আওয়ামী লীগ এবং দলটির সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের যেকোনো ধরনের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে। এর মধ্যে রয়েছে প্রকাশনা, গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালানো এবং মিছিল, সভা-সমাবেশ ও সম্মেলন আয়োজনসহ সব ধরনের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা।


























