মন্ত্রিসভায় ৬ নতুন সদস্যের শপথ, তিন সচিবের দপ্তর বদল
- আপডেট সময় : ১০:৪৬:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬ ২ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার আকার বৃদ্ধি পেয়েছে। সরকার গঠনের ছয় মাসের মাথায় শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন চারজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রী শপথ গ্রহণ করেছেন। নবনিযুক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথবাক্য পাঠ করান। এই ছয়জন নতুন সদস্য যুক্ত হওয়ার ফলে প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা এখন ৫৩ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে ২৮ জন মন্ত্রী ও ২৫ জন প্রতিমন্ত্রী রয়েছেন।
নতুন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের এমপি আবদুল মঈন খান, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ। এছাড়া বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত পদোন্নতি পেয়ে পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, নতুন দায়িত্ব পাওয়া সদস্যদের দপ্তর বণ্টনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে এবং শিগগির এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে। একই সঙ্গে বর্তমান মন্ত্রিসভার কয়েকজন সদস্যের দপ্তর পুনর্বণ্টন করা হতে পারে। সরকারের একটি সূত্র জানায়, ড. আবদুল মঈন খানকে স্থানীয় সরকার, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে তথ্য, সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক এবং রশিদুজ্জামান মিল্লাতকে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হতে পারে। এছাড়া মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী এবং হুমায়ুন কবিরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি জহিরউদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং আফরোজা খানম রিতাকে খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হতে পারে বলে গুঞ্জন রয়েছে।
চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি সরকার গঠনের সময় মন্ত্রিসভার সদস্য সংখ্যা ছিল ৫০ জন। এরপর ১২ মার্চ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ ও ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামাল পদত্যাগ করেন এবং পরবর্তীতে যথাক্রমে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হন। একই দিন আহমেদ আযম খান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পান এবং মীর মোহাম্মদ হেলাল উদ্দীন ভূমি প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। গত ১ জুন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ করেন। সর্বশেষ শুক্রবার স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ায় ওই মন্ত্রণালয়টি শূন্য হয়। এছাড়া বর্তমানে প্রধানমন্ত্রীর ১০ জন উপদেষ্টা রয়েছেন, যাদের মধ্যে পাঁচজন মন্ত্রী ও পাঁচজন প্রতিমন্ত্রীর পদমর্যাদায় দায়িত্ব পালন করছেন।
মন্ত্রিসভার শপথের পাশাপাশি সরকারের তিন সচিবের দপ্তরেও রদবদল আনা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে জানানো হয়, রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব রফিকুল আই মোহাম্মদকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব পদে বদলি করা হয়েছে। পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাৎ শওকত রশীদ চৌধুরীকে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে এবং ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান এ জে এম সালাহউদ্দিন নাগরীকে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে ১০ আগস্ট কৃষি মন্ত্রণালয় ও রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব পদে পরিবর্তন আনা হয়েছিল, যেখানে রফিকুল আই মোহাম্মদকে রাষ্ট্রপতির কার্যালয়ে এবং মো. সেলিম খানকে কৃষি সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।



























