আগস্টের ১২ দিনে দেশে রেমিট্যান্স এলো ১৮ হাজার ৪৩৭ কোটি টাকা
- আপডেট সময় : ০৬:১৪:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

চলতি আগস্ট মাসের প্রথম ১২ দিনে দেশে মোট ১৪৯ কোটি ৯০ লাখ মার্কিন ডলার প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে। প্রতি ডলার ১২৩ টাকা বিনিময় হার অনুযায়ী, দেশীয় মুদ্রায় এই অর্থের পরিমাণ ১৮ হাজার ৪৩৭ কোটি ৭০ লাখ টাকা। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, শুধু আগস্ট মাসের ১২ তারিখে এক হাজার ৩৬৫ কোটি ৩০ লাখ টাকা রেমিট্যান্স এসেছে। গত বছরের আগস্ট মাসের প্রথম ১২ দিনে দেশে ১০৫ কোটি ৪০ হাজার ডলার রেমিট্যান্স এসেছিল। সেই হিসেবে গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছর প্রবাসী আয় বেড়েছে ৪২ দশমিক ২০ শতাংশ।
চলতি অর্থবছরের শুরু থেকে এখন পর্যন্ত সামগ্রিক প্রবাসী আয়ের চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, ১ জুলাই থেকে ১২ আগস্ট পর্যন্ত দেশে মোট ৪৩৫ কোটি ৮০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল ৩৫৩ কোটি ২০ লাখ ডলার। অর্থাৎ, গত অর্থবছরের তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় ২৩ দশমিক ২৪ শতাংশ বেড়েছে।



























