ডিসেম্বরে দেশজুড়ে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু করবেন মাহ্দী আমিন
- আপডেট সময় : ১০:১৭:১৮ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ১১ বার পড়া হয়েছে

তরুণ সমাজের কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে আগামী ডিসেম্বরে দেশজুড়ে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের প্রাথমিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে। প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন রোববার (০৪ অক্টোবর) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভা কক্ষে এক সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, বিএনপির নির্বাচনী ম্যানিফেস্টোর অঙ্গীকার অনুযায়ী তরুণদের জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
মাহ্দী আমিন বলেন, বাংলাদেশের বিশাল ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে কাজে লাগাতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ। প্রাথমিকভাবে ঢাকা থেকে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ও ক্যারিয়ার ফেয়ারের কার্যক্রম শুরু হবে এবং পরবর্তীতে তা পর্যায়ক্রমে বিভাগীয় ও জেলা পর্যায়ে বিস্তার করা হবে। প্রধানমন্ত্রীর দৃঢ় বিশ্বাস, দেশের অগ্রগতির জন্য তরুণদের ক্ষমতায়ন ও কর্মসংস্থান অপরিহার্য। এই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে গত ছয় মাস ধরে ইন্ডাস্ট্রি, একাডেমিয়া, বিভিন্ন এনজিও, সরকারি সংস্থা এবং উন্নয়ন সহযোগীদের সঙ্গে ধারাবাহিক পরামর্শ করা হয়েছে বলে তিনি জানান।
এই প্ল্যাটফর্মের মূল লক্ষ্য হলো শ্রমবাজারের চাহিদা ও যোগানকে সংযুক্ত করা। মাহ্দী আমিন জানান, এটি একটি একীভূত জাতীয় ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে, যেখানে একদিকে যুবশক্তির দক্ষতা ও যোগ্যতার ডাটাবেজ থাকবে এবং অন্যদিকে স্থানীয় শিল্প ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের কাজের চাহিদার হিসাব থাকবে। নতুন গ্র্যাজুয়েট ও মূলধারার শিক্ষার বাইরে থাকা তরুণদের সরাসরি জব মার্কেটের সাথে যুক্ত করাই এর উদ্দেশ্য।
এছাড়া দেশব্যাপী নিয়মিত ক্যারিয়ার ফেয়ার আয়োজনের মাধ্যমে ইন্ডাস্ট্রি ও একাডেমিয়ার মধ্যে সংযোগ স্থাপনের পরিকল্পনা রয়েছে। চাকরিপ্রার্থীদের সিভি রাইটিং, ক্যাপাসিটি বিল্ডিং এবং ইন্টারভিউ মোকাবিলার মতো প্রশিক্ষণ প্রদানের জন্য একটি পূর্ণাঙ্গ এমপ্লয়মেন্ট ওরিয়েন্টেড ইকোসিস্টেম গড়ে তোলা হবে। মাহ্দী আমিন আরও জানান, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নিবন্ধনের মাধ্যমে বিদেশে গমনেচ্ছু তরুণদের প্রয়োজনীয় কারিগরি প্রশিক্ষণ পেতে সহায়তা করা হবে।
৫ আগস্টের পর কলকারখানার পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কিছু কারখানা বন্ধ হলেও নতুন বিনিয়োগ ও কারখানা চালুর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে। ডিসেম্বরে উদ্বোধনের সময় এই প্রকল্পের সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা ও রোডম্যাপ প্রকাশ করা হবে। বর্তমানে তরুণদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করা সরকারের প্রাথমিক লক্ষ্য হলেও ভবিষ্যতে বেকার ভাতার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা হবে। সংবাদ ব্রিফিংয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার উপস্থিত ছিলেন।





























