প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ ও চীনের মধ্যে ফলপ্রসূ আলোচনা
- আপডেট সময় : ০৬:৩৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৭: ৫৪
বাংলাদেশের প্রতিরক্ষা খাতের আধুনিকায়নে চীন তাদের অব্যাহত সমর্থন পুনর্ব্যক্ত করেছে। বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা এ কে এম শামছুল ইসলামের কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এক সৌজন্য সাক্ষাৎ করেন। আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সাক্ষাৎকালে দুই দেশের বিদ্যমান সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতা আরও বেগবান ও সুদৃঢ় করার বিষয়ে উভয়পক্ষ বিস্তারিত আলোচনা করেন। বিশেষ করে সশস্ত্র বাহিনীর সদস্যদের উন্নত পেশাগত প্রশিক্ষণ, সামরিক শিক্ষা বিনিময় এবং প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির বিষয়ে উভয় পক্ষ ফলপ্রসূ মতামত ব্যক্ত করেন। আধুনিক সামরিক চ্যালেঞ্জ মোকাবেলায় পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় ও প্রশিক্ষণ সহযোগিতা দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে বলে তারা আশা প্রকাশ করেন।
প্রতিরক্ষা উপদেষ্টা এ কে এম শামছুল ইসলাম দুই দেশের দীর্ঘদিনের ঐতিহাসিক বন্ধুত্ব, কৌশলগত অংশীদারিত্ব এবং বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় চীনের সহযোগিতার কথা স্মরণ করেন। ভবিষ্যতে এই সহযোগিতা আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। উভয় পক্ষই দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট প্রতিরক্ষা সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

























