বিএনপিতে চাঁদাবাজদের কোনো স্থান নেই: এমপি জসিম
- আপডেট সময় : ১১:২৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ২১: ৪৮
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিএনপি আয়োজিত এই কর্মসূচির অংশ হিসেবে দলীয় কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম এই র্যালিতে নেতৃত্ব দেন। র্যালি শেষে সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশে স্পষ্ট বার্তা দিয়ে বলেন, বিএনপিতে চাঁদাবাজদের কোনো ঠাঁই নেই। পাশাপাশি ব্রাহ্মণপাড়ায় মাদক ও মাদক কারবারের সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না বলে তিনি কঠোর হুঁশিয়ারি দেন।
মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এমপি জসিম উদ্দিন। তিনি বলেন, 'সবার আগে বাংলাদেশ'—এই চেতনাকে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে।
দীর্ঘ ৪৮ বছরের পথচলায় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষায় বিএনপি নেতাকর্মীদের অবদানের কথা স্মরণ করে এমপি জসিম উদ্দিন বলেন, দেশের প্রতিটি আন্দোলন-সংগ্রামে এবং রাষ্ট্রের সার্বিক উন্নয়নে বিএনপি নিবেদিতভাবে কাজ করেছে। তিনি দেশের স্বার্থে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
সমাবেশে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কাজী শাহ আলম খোকন, সাধারণ সম্পাদক মো. আমীর হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সরকার জহিরুল হক মিঠুন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সহসভাপতি মহসিন কবির সরকার ও এনামুল হক মাসুদ সরকার, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান রিপন ভূঁইয়া, চেয়ারম্যান শাহজাহান সাজু, দপ্তর সম্পাদক হেদায়েত উল্লাহ সরদার এবং ধর্মবিষয়ক সম্পাদক মো. মনিরুল আলম বাবুলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



























