বাসসের এমডি ও প্রধান সম্পাদক হিসেবে কাদের গনি চৌধুরীর নিয়োগ
- আপডেট সময় : ০৮:১৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬ ৪ বার পড়া হয়েছে

সাংবাদিক মুহাম্মদ কাদের গনি চৌধুরীকে জাতীয় বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক পদে নিয়োগ দেওয়া হয়েছে। তাকে এই পদে চুক্তিভিত্তিক দায়িত্ব প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে নিয়োগের শর্তাবলি তুলে ধরা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘বাংলাদেশ সংবাদ সংস্থা আইন, ২০১৮’ এর ১০(১) ধারা অনুযায়ী মুহাম্মদ কাদের গনি চৌধুরীকে এই নিয়োগ প্রদান করা হয়েছে। তার এই নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে ১ (এক) বছর কার্যকর থাকবে।
নিয়োগের শর্ত অনুযায়ী, তাকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি কোনো প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগ করতে হবে। এছাড়া এই নিয়োগের অন্যান্য শর্তাবলি চুক্তিপত্র অনুযায়ী নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। জনস্বার্থে সরকার এই আদেশ জারি করেছে।


























